নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার ফিলিস্তিনের গাজাবাসীদের গণহত্যা ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শনের নাম করে কতিপয় দুর্বৃত্ত এবং সন্ত্রাসী দেশের বহু রেস্তোরাঁয় ভাংচুর ও লুটপাটের মতো জঘন্যতম কর্মকাণ্ড ঘটায়, এর ফলে সেসব রেস্তোরাঁ মালিকের ব্যাপক ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। বলা বাহুল্য বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভে অংশগ্রহণ করে। কিন্তু পরিতাপের বিষয় বিক্ষোভের নাম করে কিছু দুর্বৃত্তরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলাগুলোর রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালায় ও ব্যাপকভাবে ভাংচুর করে সম্পদের ক্ষতি সাধন করে। এভাবে সন্ত্রাসীরা বিদেশী পণ্যের নাম করে দেশের রেস্তোরাঁগুলোতে যে সহিংস ঘটনা ঘটিয়েছে তা আমাদের মোটেও কাম্য নয়।

এমতাবস্থায়, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির বক্তব্য হচ্ছে—

* বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি ও এর সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং ঘটনার সঙ্গে জড়িতদের অতি শিগগিরই (আগামী ২৪ ঘন্টার মধ্যে) আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছে।

* বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ সহিংসতায় যে সম্পদ ধ্বংস করা হয়েছে তা নিরূপণ করা ও তাদের বিনিয়োগের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।

* ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও টহল পুলিশিং কার্যক্রম বৃদ্ধি করা।