রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টির মাধ্যমে গবেষণা ও শিক্ষার মান বাড়াতে কাজ করছে একটি সংগঠন। নাম তার রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। ২০২১ সালের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। এটি ২০৩১ সালের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া শিক্ষার্থীদের গবেষণায় দক্ষতা অর্জন, পেশা হিসেবে গবেষণাকে গ্রহণে সহযোগিতা এবং গবেষণার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নও অন্যতম লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের এ গবেষণা সংসদ নিয়মিত বিভিন্ন গবেষণা কার্যক্রম ও গবেষণাসংশ্লিষ্ট নানা আয়োজন করে থাকে। এর মধ্যে রয়েছে আরইউআরএস প্রথম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স অ্যান্ড রিসার্চ ফেয়ার ২০২৪, রিসার্চ অলিম্পিয়াড ২.০, এসপিএসএস ও আর প্রোগ্রামিং কোর্স ২.০, রিসার্চ প্রপোজাল রাইটিং প্রতিযোগিতা, অ্যাবস্ট্রাক্ট কনটেস্ট ২.০, ওয়েবিনার অন হায়ার স্টাডিজ, গবেষণা নিয়ে ভাবনা ৫.০, রিসার্চ মেথডোলজি কোর্স ২০২৫ অন্যতম।

এছাড়া গত বছর প্রকাশিত গবেষণাপত্রগুলোর মধ্যে রয়েছে মাল্টিড্রাগ-রেজিস্ট্যান্ট ক্লেবসিয়েলা নিউমোনিয়া, আরইউ স্ট্রেনের খসড়া জিনোম সিকোয়েন্স, করপোরেট গভর্নেন্সের প্রভাব, মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন, শূকরের সার্জিক্যাল সমস্যা ও ঝুঁকি ফ্যাক্টর, ডাইপেপ্টিডাইল পেপটিডেস-৪-এর প্রাকৃতিক ইনহিবিটরদের বৈশিষ্ট্য, শিক্ষার অধিকার এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি মনোভাব, ন্যানোপ্লাস্টিকের প্রভাব ইত্যাদি।

সম্প্রতি আয়োজন করা হয় রিসার্চ অলিম্পিয়াড, যেখানে স্নাতক প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ থেকে মাস্টার্স শিক্ষার্থীদের জন্য চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী অঞ্চলের রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পুরস্কার ও পার্টিসিপেশন সার্টিফিকেট লাভ করেন।

সংগঠনটি শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি ও পেশাগত প্রস্তুতি নিতে সহায়তা করছে। তারা নিয়মিত গবেষণা সেশন, সেমিনার ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলছে। এছাড়া বিভিন্ন গবেষণাধর্মী প্রতিযোগিতা যেমন রিসার্চ প্রপোজাল রাইটিং, অ্যাবস্ট্রাক্ট কনটেস্ট ও অন্যান্য ইভেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের পরবর্তী ধাপে প্রস্তুতির সুযোগ দেয়া হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সদস্যরা বিশ্বাস করেন, শুধু গবেষণার মাধ্যমে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠা করা সম্ভব। গবেষণা সংসদ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিবেশকে আরো সমৃদ্ধ করতে সচেষ্ট।

সংগঠনটি সভাপতি মেহেদী হাসান (শাওন) বলেন, ‘‌গবেষণা করতে আগ্রহী শিক্ষার্থীদের একাগ্রতা ধরে রাখা খুবই জরুরি। আমাদের এগিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ থেকে কিছু বরাদ্দ এবং প্রণোদনা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় যদি আমাদের একটি অফিশিয়াল রুম দেয়, তাহলে সেশন আয়োজন করা সহজ হবে। গবেষণার জন্য যদি প্রতি বছর অনুদান দেয়া হয়, তাহলে গবেষণা আরো সহজ হবে এবং প্রকাশনার সংখ্যাও বাড়বে। এছাড়া ডাটা কালেকশন ও অ্যানালাইসিসের জন্য ল্যাব অ্যাকসেস সুবিধা পেলে আমাদের গবেষণা আরো উন্নত হবে।’