রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শেষ হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন। গত শনিবার শুরু হওয়া এ সম্মেলন রোববার শেষ হয়েছে। ‘সামাজিক রূপান্তরের জন্য বিভিন্ন বিষয়ে জ্ঞান ও উদ্ভাবনের প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনটির আয়োজন করে রাবি এডুকেশন ক্লাব। এ গবেষণা সম্মেলনের জন্য জমা পড়ে ১ হাজার ৬০০-এর বেশি গবেষণা অ্যাবস্ট্রাক্ট। এর মধ্যে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে ৩৮০টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন বিশিষ্ট শিক্ষক নিয়ে গঠিত সায়েন্টিফিক কমিটি এ রিভিউ কার্যক্রম সম্পন্ন করেন।
দুদিনব্যাপী আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন ৬০০ জন গবেষক, ৫০০ জন নিবন্ধিত দর্শনার্থী ও ১০০ সংগঠক। পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল ও যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের বিদেশী ডেলিগেট এতে অংশ নেন। এ আয়োজনে ছিল ২৫০টি ওরাল প্রেজেন্টেশন, ১০০টি পোস্টার প্রেজেন্টেশন এবং ৩০টি থ্রি-মিনিট থিসিস প্রেজেন্টেশন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক ১০০টিরও বেশি প্রতিষ্ঠান সম্মেলনে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম দিন ছিল একটি বিশেষ প্যানেল ডিসকাশন—‘শেপিং দ্য ফিউচার: রিসার্চ ফর সোশ্যাল ট্রান্সফরমেশন ইন ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল কনটেক্সটস’। সম্মেলনের কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বাংলাদেশের গণিত অলিম্পিয়াড ও প্রোগ্রামিং প্রতিযোগিতার অগ্রদূত হিসেবে সুপরিচিত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এডুকেশন ক্লাবের সভাপতি রায়হানা মালিক সেঁজুতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি প্রো-ভিসি অধ্যাপক মাঈন উদ্দিন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার।
কনফারেন্সের দ্বিতীয় দিনে অনলাইনে যুক্ত হন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব মিডিয়া অ্যান্ড স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস বিভাগের সহকারী অধ্যাপক ড. রোজমেরি অ্যাভান্স। তিনি ডিজিটাল মিডিয়ায় গবেষণার দৃশ্যমানতা ও একাডেমিক ব্র্যান্ডিংয়ের ওপর সেশন পরিচালনা করেন। অধ্যাপক অ্যাভান্স, গবেষক হিসেবে ডিটিজাল আইডেন্টিটি তৈরির উপায়, ভিজিবিলিটি বাড়াতে সহকারী টুলসগুলো কার্যকরভাবে কীভাবে ব্যবহার করা যায় তার বিস্তর আলোচনা করেন। সঙ্গে যুক্ত ছিলেন স্কুল অব মিডিয়া অ্যান্ড স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসের গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট সালমান শাকিল।










