ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার: ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক্সিলেন্স বাংলাদেশ এটির আয়োজন করে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০-এর বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং অর্থনীতিবিদ ড. এম আবু ইউসুফ। আরো উপস্থিত ছিলেন পারটেক্স স্টার গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান সায়েদুল আজহার সারওয়ার, গ্রামীন ডানোন ফুডস লিমিটেডের সেলস এবং মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, টি কে গ্রুপের মার্কেটিং ডিরেক্টর মো. মোফাসসেল হক, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপক ফারাবী হাফিজ, ব্র্যাকনেট লিমিটেডের হেড অব ইমার্জিং টেকনোলজির প্রধান প্রকৌশলী মো. ইউসুফ আলী ইমন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে ক্যারিয়ারের যাত্রায় নিজেকে এগিয়ে রাখতে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। বিশেষভাবে জোর দেয়া হয় গবেষণার বিষয়বস্তুতে। তাছাড়া শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য কীভাবে এসওপি (স্টেটমেন্ট অব পারপাস) লিখবে; তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল চাকরির বাজারের বিভিন্ন চরিত্রের ওপর নির্ভর করে সাজানো রম্য বিতর্ক।

এক্সিলেন্স বাংলাদেশ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সারা বছরজুড়েই ক্যারিয়ার সামিট, জব ফেয়ারসহ নানামুখী আয়োজন করে থাকে। ঢাকাসহ দেশের সকল বিভাগীয় পর্যায় এবং প্রায় শতাধিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সিলেন্স বাংলাদেশের টিম রয়েছে।

এ প্রসঙ্গে এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার জানান, ‘এ বছর এক্সিলেন্স বাংলাদেশ ঢাকা ও ঢাকার বাইরে শিক্ষার্থীদের উন্নয়নে বেশ কিছু আয়োজন করতে চায়। বছরের প্রথমে আমরা শুরু করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে।’