বরিশাল বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি (বিইউকিউএস)। ক্যাম্পাসে জ্ঞানের খোঁজে আগ্রহী শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শিক্ষার বাইরে সহশিক্ষা কার্যক্রম হিসেবে প্রতিনিয়ত পাঠচক্র, কুইজ প্রতিযোগিতাসহ নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ২০১৮ সালে যাত্রা শুরু করা এ সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশে জ্ঞানের বিনিময় ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিসহ নানা প্রতিযোগিতামূলক ভাইবার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলে এ সংগঠন। প্রতি মাসে চারটি করে সেশন পরিচালনা করা হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে যারা বিজয়ী হন তাদের সনদ এবং বিভিন্ন বই দেয়া হয়, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ আরো বাড়ে।
কুইজ সোসাইটির সভাপতি নওরিন খান সেতু বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞান, বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান এবং দ্রুত চিন্তা করার ক্ষমতা বৃদ্ধির বিষয়ে কাজ করে প্রতিযোগিতামূলক পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করা।’
তিনি আরো বলেন, ‘আমাদের মূল কাজ একাডেমিক পড়াশোনার পাশাপাশি জবের প্রিপারেশন নেয়া এবং বিভিন্ন বিষয়ে পাঠচক্র আয়োজন করা। আর জাতীয় দিবসগুলোয় বিভিন্ন বিষয়ের ওপর কুইজ সোসাইটি প্রতিযোগিতা আয়োজন করে।’
শিক্ষার্থীদের মধ্যে এ জ্ঞানের ধারা অব্যাহত রাখতে আগামী ১৩ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি প্রথমবারের মতো ডেইলি স্টার বিকাশ নিউজপেপার অলিম্পিয়াড সিজন-৪ আয়োজন করতে যাচ্ছে।










