শনিবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত কাঠপেন্সিল পাঠশালা হয়ে উঠেছিল আনন্দ ও উৎসবের এক মিলনমেলা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব ‘সময়’ এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুরা পেয়েছে নতুন পোশাক ও স্কুল ব্যাগ। শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে সুবারু বাংলাদেশ লিমিটেডের দেয়া সুস্বাদু নুডলস, বিস্কুট ও রঙিন পেন্সিল।
শিশুরা নেচে-গেয়ে, খাবার খেয়ে এবং নতুন উপহার পেয়ে আনন্দে মেতে উঠেছিল। তাদের উচ্ছ্বাসে পাঠশালা হয়ে উঠেছিল স্বপ্নপূরী। তাদের কাছে এ দিনটি ছিল যেন স্বপ্নের মতো।
শিশুদের এ রঙিন সময়কে আরো রাঙিয়ে দিতে শিশুদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন কাঠপেন্সিল পাঠশালার প্রতিষ্ঠাতা এবং এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। আরো উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর ড. মঞ্জুর এইচ খান, এআইইউবি সময় ক্লাবের সদস্যরা, সুবারু বাংলাদেশ লিমিটেডের সিইও মুসা মুহাম্মদসহ আরো অনেকে। অনুষ্ঠানে আসা অতিথিরা শিশুদের সঙ্গে বসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। কাঠপেন্সিল পাঠশালা একটি বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা পড়াশোনা, খেলাধুলা এবং নৈতিক শিক্ষার সুযোগ পায়।










