নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আগ্রহী যেকোনো শিক্ষার্থী ও পেশাজীবীকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। বিশ্ববিদ্যালয়টির একটি বিশেষায়িত প্রশিক্ষণ উদ্যোগ হলো ‘টেকনিক্যাল অ্যান্ড ফারদার এডুকেশন’। সংক্ষেপে বিইউবিটি-টিএএফই। এ উদ্যোগটির মাধ্যমে দেশের সব নাগরিকের জন্য ব্যবহারিক ও শিল্পমুখী স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স উন্মুক্ত করা হয়েছে। একাডেমিক জ্ঞান ও বাস্তব জীবনের পেশাগত দক্ষতার মধ্যে সেতুবন্ধ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। চলতি বছর জানুয়ারিতে শুরু হওয়া বিইউবিটি-টিএএফই স্বল্পমেয়াদি পাঁচটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। এ প্রশিক্ষণগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল যুগে সফলতার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত, বিশ্লেষণধর্মী ও যোগাযোগ দক্ষতা অর্জনে সহায়তা করে যাচ্ছে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় বিইউবিটি-টিএএফই ক্যাম্পাসে স্থাপন করেছে একটি আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও যে কেউ সহজেই আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারে এবং বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় পরামর্শ পেতে পারে। কম খরচে একাডেমিক পরিবেশে আইইএলটিএস কোর্স করার সুযোগ পাচ্ছেন সবাই। পাইথন থেকে পাওয়ার বিআই, ফ্লাটার থেকে ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, ভিডিও এডিটিং, আইওটি, সাইবার সিকিউরিটি, রিসার্চ মেথডোলজি আর জব ভাইভা প্রিপারেশন এখন প্রস্তুতিই এক জায়গায়। দক্ষতা অর্জনের এক নতুন ঠিকানা বিইউবিটি-টিএএফই।

এর অধীনে যেসব কোর্স পরিচালনা করা হয় সেগুলো হলো Python for Data Analytics, Excel and Power BI for Business Intelligence, Digital Marketing, IELTS Preparation, ITEE Examination Preparation এবং Freelancing and Online Career Development.

প্রশিক্ষণ কোর্স নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বিবিএর শিক্ষার্থী হাফসা বেগম বলেন, ‘Advanced Excel and Power BI’ কোর্সটি আমার জন্য অত্যন্ত উপকারী ছিল। এ কোর্সের মাধ্যমে আমি ডাটা বিশ্লেষণ, রিপোর্ট তৈরি এবং ড্যাশবোর্ড ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ পেশাগত দক্ষতা অর্জন করেছি। প্রশিক্ষকরা প্রতিটি টপিক সহজভাবে বোঝান এবং বাস্তব উদাহরণের মাধ্যমে শেখান, যা শেখার প্রক্রিয়াকে আরো সহজ ও আনন্দদায়ক করে তোলে। আমি এখন আত্মবিশ্বাসের সঙ্গে এক্সেল ও পাওয়ার বিআই ব্যবহার করে ডাটা বিশ্লেষণ করতে পারি। এমন একটি মানসম্মত কোর্স পরিচালনার জন্য আমি বিইউবিটিকে ধন্যবাদ জানাই।’

বিইউবিটি টেকনিক্যাল অ্যান্ড ফারদার এডুকেশনের পরিচালক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ্ত চাকী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় শিক্ষার্থীদের অনেক বিষয়ে দক্ষতার ঘাটতি থেকে যায়। পেশাজীবন শুরুর আগে যাতে গ্র্যাজুয়েটরা এ দক্ষতার ঘাটতিগুলো পূরণ করে নিজেদের সমৃদ্ধ করতে পারে সে লক্ষ্য নিয়েই বিইউবিটি-টিএএফইর যাত্র। আগামীতে কাটিং-এজ টেকনোলজিগুলোর স্বল্পমেয়াদি ও দক্ষতাভিত্তিক কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। আমাদের কোর্সগুলো বর্তমানে ক্যাম্পাসে পরিচালনা করা হচ্ছে। তবে ভবিষ্যতে অনলাইন লার্নিং প্লাটফর্মের মাধ্যমে বাসায় বসেই শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। বর্তমানে ৩৬ ঘণ্টার যেসব স্বল্পমেয়াদি কোর্স পরিচালনা হচ্ছে তার প্রশিক্ষণ ফি ৩ হাজার টাকা। আর ৬০ ঘণ্টার কোর্সের ফ্রি ৫ হাজার টাকা।’