বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টর এখন দিন দিন দ্রুতবর্ধনশীল। এ খাতে উচ্চশিক্ষা নিয়ে চাকরির অপার সম্ভাবনা তৈরি হয়েছে। সেলস, মার্কেটিং, প্রজেক্ট, কারিগরি, ম্যানেজমেন্ট—সব ক্ষেত্রেই এখন গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত ক্যারিয়ার। মার্কেট বড়, চাহিদা প্রবল। পড়াশোনা শেষ করলেই কেউ বেকার থাকবেন না, নিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন।
অনেক ক্ষেত্রেই চাকরির সুযোগ রয়েছে। রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি যেমন কনকর্ড, শান্তা হোল্ডিংস, রানার গ্রুপ, নাভানা রিয়েল এস্টেট ইত্যাদিতে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ, প্রজেক্ট এক্সিকিউটিভ, রিয়েল এস্টেট অ্যানালিস্ট, ক্রেতা সম্পর্ক কর্মকর্তা, জমি অধিগ্রহণ কর্মকর্তা, প্রজেক্ট কো-অর্ডিনেটর, সেলস অ্যাডমিন হিসেবে কাজের সুযোগ রয়েছে।
ব্যাংক ও ফাইন্যান্স সেক্টরের মধ্যে হাউজিং লোন, প্রপার্টি ভ্যালুয়েশন, রিস্ক অ্যানালাইসিস—এসব কাজে রিয়েল এস্টেটের গ্র্যাজুয়েটের প্রপার্টি ভ্যালুয়েশন অফিসার, মর্টগেজ লোন অফিসার, রিস্ক অ্যানালিস্ট পদে ভালো চাহিদা রয়েছে। এছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রাজউক, ন্যাশনাল হাউজিং অথরিটি, সিটি করপোরেশন, পিডব্লিউডিতে আরবান প্ল্যানার অ্যাসিস্ট্যান্ট, ল্যান্ড অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট অফিসার হিসেবে কাজ করা যায়। প্রজেক্ট ও কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে রিয়েল এস্টেটের ব্যাকগ্রাউন্ড থাকলে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানিতে অনেক সুযোগ রয়েছে।
রিয়েল এস্টেট সেক্টরে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। দেশে শহরায়ণ বাড়ছে, আবাসন ও কমার্শিয়াল বিল্ডিংয়ের চাহিদা দিন দিন বাড়ছে। এ ডিপার্টমেন্টে পড়াশোনা করে জমি, বিল্ডিং, প্রজেক্ট, ভ্যালুয়েশন, মার্কেট অ্যানালাইসিস সবকিছুতেই পারদর্শী হওয়া যায়। এর ফলে আপনি অর্জন করবেন বাজারের প্রয়োজনীয় দক্ষতা, ভালো চাকরি, নিরাপদ ভবিষ্যৎ। সময় এসেছে নিজেকে প্রস্তুত করুন।
মো. আবু জাফর রাকিব: সহকারী ব্যবস্থাপক, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ, রানার প্রপার্টিজ লিমিটেড










