বাংলাদেশের উচ্চশিক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ব্র্যাক ইউনিভার্সিটি ও বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ। দেশের ইতিহাসে এ প্রথম, কোনো বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে প্রতিষ্ঠা করল একটি প্রকৌশল স্কুল—‘বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং’। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল ‘শেপিং টুমরো: ইনোভেশন ফর সাসটেইনেবিলিটি’। এদিন উন্মোচিত হয় বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অফিশিয়াল লোগো ও ওয়েবসাইটও।

ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বিশ্বাস করতেন, শিক্ষা হতে হবে অন্তর্ভুক্তিমূলক, মানবিক এবং সমাজ উন্নয়নের হাতিয়ার। বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং সেই বিশ্বাসেরই বাস্তব প্রতিফলন। এ স্কুলের লক্ষ্য কেবল প্রযুক্তিতে পারদর্শী প্রকৌশলী গড়ে তোলা নয়; বরং এমন নেতৃত্ব তৈরির প্রচেষ্টা, যারা উদ্ভাবনী চিন্তাধারা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে আগামীর সমাজ গঠনে ভূমিকা রাখবে। এ উদ্যোগ শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, দেশের উন্নয়নে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের ক্ষেত্রেও নতুন পথ দেখাচ্ছে।

এ প্রসঙ্গে বিএসআরএমের চেয়ারম্যান আলীহুসাইন আকবরআলী বলেন, ‘জাতি গঠনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ধরনের সহযোগিতা দেশকে এগিয়ে নিতে সহায়তা করে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশ আপনাদের ডাকছে। বাইরের দিকে তাকাবেন না। এখানেই থাকুন, এখানেই কাজ করুন। আজকের আপনার অবদানই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হবে।’

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্বোধনের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাকে মর্যাদা, ন্যায়বিচার ও সুযোগ তৈরির একটি মাধ্যম হিসেবে গড়ে তুলতে আমাদের অঙ্গীকারকে আবারো পুনর্ব্যক্ত করছি।’