বাংলাদেশী তরুণী সাবিতা বিনতে আজাদ শিফা বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্মানজনক স্বীকৃতি দিয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। শিফা রাশিয়ার কালুগা ওব্লাস্টের ওবনিস্কে ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ ক্যাম্প এবং বিশ্ব পারমাণবিক সপ্তাহে অংশগ্রহণ করবেন, যেখানে বিশ্বের ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী একত্রিত হবেন।এই অনুষ্ঠানটির আয়োজন করেছে রোসাটম কর্পোরেট একাডেমি যা বিশ্বব্যাপী পারমাণবিক শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। রোসাটম বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।
শিফাকে তার পেশাগত অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবামূলক কাজ, গবেষণা এবং সাফল্য মূল্যায়ন করে বেশ কিছু ধাপে নির্বাচন প্রক্রিয়ার পরে নির্বাচিত করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের প্রভাষক। ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অধীনে রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পে লিড প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভিলেজ এমপাওয়ারমেন্টের প্রতিষ্ঠাতা এবং সিইও, যা তরুণদের মধ্যে কমিউনিকেশন, উপস্থাপনা এবং নেতৃত্বের দক্ষতা বিকাশে কাজ করছে।
শিফা রাশিয়ার সোচিতে বিশ্ব যুব উৎসব, মস্কোর আন্তর্জাতিক শিশু কমিটি এবং ওরেনবার্গে ইউরেশিয়া গ্লোবাল ফোরাম সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব পাবলিক স্পিকিং (২০১৯-২০) এরও একজন চ্যাম্পিয়ন।
সাবিতা বিনতে আজাদ শিফা তার লিংকডইনে আনন্দ প্রকাশ করে বলেন, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমি বিশ্বের মাত্র ৫০ জন নারী নেত্রীর একজন হিসেবে নির্বাচিত হয়েছি। এই মর্যাদাপূর্ণ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। বাংলাদেশী হিসেবে সুযোগ পাওয়ায় আরো বেশি গর্বের।










