বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। তালিকায় ৯৫১-১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। বৃহস্পতিবার (১৯ জুন) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের র‍্যাংকিংয়ে এসব তথ্য উঠে এসেছে। তালিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রথম অবস্থানে রয়েছে।

এ বছর বিশ্বের ১৪৩টি দেশের ৪ হাজার ১৫০টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে এ র‍্যাংকিং প্রকাশ করা হয়। বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) অবস্থান এবার সবার শীর্ষে। ১০০১-১২০০তম অবস্থান নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। র‍্যাংকিংয়ের ১২০১-১৪০০তম অবস্থানের মধ্যে রয়েছে আরো কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি। ১৪০০তম-এর বাইরে অবস্থান করা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে নিয়োগকর্তাদের কাছে সুনাম এবং আন্তর্জাতিক শিক্ষক সংখ্যা। একাডেমিক খ্যাতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ফলাফলে তৃতীয়, টেকসই উন্নয়ন ক্যাটাগরিতে চতুর্থ, এবং আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের বৈচিত্র্যের দিক থেকে পঞ্চম স্থান অর্জন করেছে। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে দশম এবং শিক্ষকপ্রতি সাইটেশনের ভিত্তিতে একাদশ অবস্থান পেয়েছে এনএসইউ।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এ অর্জন সবার কঠোর পরিশ্রমের ফল। সেরা হওয়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাওয়ার জন্য এনএসইউ পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’