যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সফট স্কিল এবং ভাষা শিক্ষার উন্নয়নে সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের (সিটিএসডি) যাত্রা শুরু হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিই প্রথম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এ উদ্যোগ গ্রহণ করেছে। গত ১৩ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সিটিএসডির উদ্যোগে ‘রাইটিং টুলকিট’ বিষয়ক ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ সিটিএসডির উদ্বোধন করেন।
এ সেন্টার শিক্ষার্থীদের সফট স্কিল এবং ভাষা শিক্ষার উন্নয়নে কাজ করবে। শুরুতে ইংরেজি শিক্ষার পাশাপাশি আটটি ভাষা এবং সফট স্কিল ডেভেলপমেন্টের সুযোগ থাকছে। এ সেন্টার প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কর্মোপযোগী করে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রতিযোগিতায় নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। এ সেন্টার বিভিন্ন ভাষা শিক্ষার কোর্স, যেমন ইংরেজি, জাপানি, চাইনিজ, জার্মান, অ্যারাবিক, কোরিয়ান, ফ্রেঞ্চ, স্প্যানিশ ভাষা শিক্ষার সুযোগ দেবে। এছাড়া সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হবে, যা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান এবং নেতৃত্ব দেয়ার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সহযোগিতা করবে। উদ্বোধনের দিনে উৎসবমুখর পরিবেশে সেন্টারটি শতাধিক শিক্ষার্থীকে ফুল ও শিক্ষাসামগ্রী দিয়ে বরণ করে নেয়।
যবিপ্রবি উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের দক্ষতা ও ভাষা শিক্ষার উন্নয়ন নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম সেটার মাহেন্দ্রক্ষণে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে। সফট স্কিল এবং ভাষা শিক্ষার উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধিসহ নানা রকম মেধা বিকাশে কাজ করবে এ সেন্টার। দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে যবিপ্রবিই প্রথম এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।’
সিটিএসডির পরিচালক ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, ‘আমার বিশ্বাস শিক্ষার্থীরা এ সেন্টার থেকে সফট স্কিল, ভাষা শিক্ষার উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধিসহ নানা রকম বিষয়ে দক্ষতা অর্জন করে দেশ ও জাতির জন্য অগ্রণী ভূমিকা রাখবে।’










