নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি অর্থাৎ পুষ্টি এবং খাদ্য প্রযুক্তি বিভাগ শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেই না, সারা পৃথিবীতে অসম্ভব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে এ সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ। অপুষ্টি এখনো বাংলাদেশে অনেক বড় একটি স্বাস্থ্য সমস্যা, জাতীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী। অপুষ্টি প্রতিরোধ এবং নিরাময়ে এ সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিভিন্ন ধরনের নন-কমিউনিকেবল ডিজিজ (অসংক্রামক ব্যাধি) যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো জটিল ব্যাধি আশঙ্কাজনক হারে বাড়ছে। এ রোগগুলো প্রতিরোধ এবং নিরাময়ে এ সাবজেক্ট চিকিৎসাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। খাবার সঠিকভাবে প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের জন্য এ সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার যেমন দুধ, আইসক্রিম, বিস্কিট, চানাচুরসহ যত ধরনের খাদ্যপণ্য রয়েছে, সব ক্ষেত্রে সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণে এ বিষয়ের জ্ঞান আবশ্যক।
এ সাবজেক্টে মৌলিক পুষ্টি, মানব দেহতত্ত্ব এবং শারীরবিদ্যা, এন্ডোক্রিনোলজি এবং ইমিউনোলজি, পুষ্টিগত জৈব রসায়ন, গবেষণা পদ্ধতি, রোগের খাদ্যতালিকাগত ব্যবস্থাপনা, অপুষ্টি ব্যবস্থাপনা, দুগ্ধ প্রযুক্তি, ফুড মাইক্রোবায়োলজিসহ অসংখ্য বিষয়ে পড়ানো হয়। ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে বিএসসি (অনার্স) ডিগ্রি নিতে হলে একজন শিক্ষার্থীকে সাধারণত বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়াশোনার জন্য আবেদন করতে হয়। গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা পিএইচডি ডিগ্রির জন্য একাধিক প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া যায়।
একজন শিক্ষার্থী এ সাবজেক্টে পড়ার মধ্য দিয়ে নিজের সুস্থতার জন্য সঠিক জ্ঞান এবং একটি সুন্দর ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ রয়েছে। এ সাবজেক্টে অনার্স ডিগ্রি সম্পন্ন করার পর প্রযোজ্য ক্ষেত্রে যেকোনো সরকারি চাকরিতে আবেদনের সুযোগ রয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ও ইনস্টিটিউট, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চাকরির সুযোগ রয়েছে। বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ রয়েছে। ডায়েটেশিয়ান হিসেবে বিভিন্ন হাসপাতালে চাকরি করার সুযোগ আছে। বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে চাকরি সুযোগ আছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ দেশী ও বিদেশী বিভিন্ন অর্গানাইজেশনে চাকরির সুযোগ রয়েছে।
এমনকি ইন্টারন্যাশনাল এক্সপার্ট হিসেবে দেশের বাইরে বিভিন্ন অর্গানাইজেশনে চাকরির সুযোগ রয়েছে। এ বিভাগ থেকে যেসব শিক্ষার্থী পাস করেছেন, তাদের অনেকেই অত্যন্ত সুনাম এবং সফলতার সঙ্গে দেশে ও বিদেশে নিজ নিজ কর্মস্থলে কাজ করে যাচ্ছেন। অনেকেই পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, অনেকেই বিদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন, কেউ কেউ সফলতার সঙ্গে ডায়েটেশিয়ান হিসেবে হাসপাতালে কাজ করছেন।
এ বিষয় থেকে পাস করে বিদেশে উচ্চশিক্ষার দারুণ সুযোগ রয়েছে। ইউরোপ ও আমেরিকায় নিউট্রিশন খুবই দামি সাবজেক্ট। আমাদের অনেক শিক্ষার্থী, আমেরিকা, জাপান, চীনসহ বিভিন্ন দেশে পিএইচডি ডিগ্রি করছেন। বিদেশে বেসরকারি খাত এবং শিল্পপ্রতিষ্ঠানেও ভালো কাজের সুযোগ রয়েছে। বিদেশে ডিগ্রি নেয়া অনেকেই পেপসি, জেনারেল মিলস ইনকরপোরেটেড, কেলগস, এইচইবিসহ আরো অনেক নেতৃস্থানীয় খাদ্য ও পানীয় কোম্পানিতে নিযুক্ত আছেন। বেসরকারি খাতের এসব কোম্পানির মধ্যে রয়েছে খাদ্যপণ্য উন্নয়ন সংস্থা, পুষ্টিপণ্য উন্নয়ন সংস্থা, নিউট্রাসিউটিক্যাল কোম্পানি ও ওষুধ কোম্পানি।
ফুড টেকনোলজিস্ট হিসেবে পেশায় যুক্ত হওয়ার পর দেশে একজন ফ্রেশার ২৫-৩০ হাজার বা তারও বেশি টাকা বেতন পেতে পারেন। তবে প্রতিষ্ঠানভেদে বেতন হতে পারে আরো বেশি। পর্যায়ক্রমে চাকরিরত অবস্থায় বেতনের পরিমাণ বাড়তে থাকবে। তাছাড়া বিদেশেও এ পেশায় রয়েছে আকর্ষণীয় বেতন-ভাতা ও নানা সুবিধা।
দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সব পেশাতেই ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। এক্ষেত্রে আপনি সহজেই নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বা নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করে আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। কারণ কিছু গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংখ্যা দিন দিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এভাবে বিশ্বের সব দেশের সঙ্গে তাল মিলিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। তাছাড়া আগামী দুই-তিন বছরে বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ খাত ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পাবে। তাহলে বুঝতেই পারছেন খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ে তোলা আপনার জন্য কতটা আশাব্যঞ্জক।
তানভীর আহমেদ: সহকারী অধ্যাপক, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়










