দেশের উচ্চশিক্ষা খাতে নতুন অর্জন এনে দিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দুই উদীয়মান গবেষক। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন ও মো. আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন কানাডার প্রভাবশালী মিটাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ডের (জিআরএ) জন্য।

গবেষণা সহযোগিতার আন্তর্জাতিক সুযোগ তৈরি ও শিক্ষার্থীদের বৈশ্বিক প্লাটফর্মে তুলে ধরার লক্ষ্যে মিটাক্স প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের এ পুরস্কারে ভূষিত করে। এ বছর সে তালিকায় স্থান পেয়েছে ডিআইইউর এ দুই তরুণ গবেষকের নাম।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ‘কোয়ান্টাম কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ব্লকচেইন স্মার্ট কন্ট্রাক্ট দুর্বলতা শনাক্তকরণ’ শীর্ষক একটি গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করবেন। মে মাসের শেষদিকে শুরু হওয়া ১২ সপ্তাহব্যাপী এ গবেষণা চলবে কানাডার আলগোমা ইউনিভার্সিটিতে। সেখানে তারা গবেষণা ইন্টার্ন হিসেবে ৬ হাজার কানাডিয়ান ডলার সম্মানীও পাবেন।

এ গবেষণার মূল তত্ত্বাবধানে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হোম সুপারভাইজার অধ্যাপক ড. ইমরান মাহমুদ ও ড. রুবাইয়াত ইসলাম। কানাডা থেকে গবেষণায় নেতৃত্ব দিয়েছেন আলগোমা বিশ্ববিদ্যালয়ের হোস্ট সুপারভাইজার ড. আজমেরি সুলতানা।

মিটাক্স একটি অলাভজনক সংস্থা, যা গবেষণার মাধ্যমে কানাডার উদ্ভাবনী শক্তিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করছে। গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ড প্রোগ্রামটি মূলত সিনিয়র স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য, যাদের বৈশ্বিক গবেষণায় অংশগ্রহণের সুযোগ করে দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করা হয়।

সাব্বির ও আসাদুজ্জামানের এ অর্জন কেবল তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের প্রযুক্তি ও গবেষণা খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ।