স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরীর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল একটি ব্যতিক্রমধর্মী ‘রোবট প্রজেক্ট শোকেসিং’ প্রোগ্রাম। শিক্ষার্থীদের হাতেকলমে প্রযুক্তি উদ্ভাবনের দক্ষতা প্রদর্শন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে রোবোটিকস ক্লাব এ আয়োজন করে।

মোট পাঁচটি স্টলে বিভিন্ন রোবোটিকস প্রজেক্ট প্রদর্শিত হয়। এতে বাংলাদেশের চারটি স্বনামধন্য রোবোটিক কোম্পানি অংশগ্রহণ করে। তারা হলো ZerOne, Dip Foundation, Uherior এবং Robo Tech Valley। পাশাপাশি স্টামফোর্ড ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের নিজস্ব একটি স্টলও ছিল। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলো উপস্থাপন করেন এবং সাধারণ শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে প্রজেক্টগুলো ঘুরে দেখেন।

আয়োজনে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারহনাজ ফিরোজ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, রোবোটিকস ক্লাবের কনভেনার রায়হান উদ্দিন আহমেদ।

রোবোটিকস প্রজেক্ট শোকেস ২০২৫ কেবল প্রযুক্তির প্রদর্শনী নয়, এটি ছিল শিক্ষার্থীদের চিন্তা-ভাবনা, উদ্ভাবনী শক্তি ও বাস্তব প্রয়োগের এক উৎসব। এ আয়োজন গবেষণা ও উন্নয়নের প্রতি উৎসাহ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশের প্রযুক্তিশিক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি খাতের দ্রুত বিকাশে সহায়ক হবে। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশে রোবোটিকস ও অটোমেশন শিক্ষায় প্রতিভাবান শিক্ষার্থীদের সম্ভাবনা লক্ষ করা গেছে।

ক্লাবের কো-অর্ডিনেটর প্রজ্ঞাপন ধর বলেন, ‘যুগে যুগে এগিয়ে চলছে রোবোটিকসের বিশ্বব্যাপী আবিষ্কার।’ রোবোটিকস ক্লাবের জেনারেল সেক্রেটারি রাকিব আহমেদ বলেন, ‘এ আয়োজন আমাদের স্বপ্ন দেখতে শেখায় ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’ এমন একটি আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী মনোভাব গড়ে তোলার পাশাপাশি বাস্তবমুখী প্রযুক্তিচর্চাকে আরো গতিশীল করে তুলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব স্টলে স্টামফোর্ড রোবোটিকস ক্লাব রোবোটিকসের মৌলিক ধারণা ও বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। মাইক্রোকন্ট্রোলার, সেন্সর, ভরের জটিল বিন্যাসসহ বিভিন্ন প্রাথমিক রোবোটিকস উপকরণ দর্শকদের সামনে তুলে ধরা হয়। ক্লাব সদস্যরা প্রকল্পগুলো ব্যাখ্যা ও প্রদর্শন করে রোবোটিকস শিক্ষার প্রতি তাদের গভীর আগ্রহ ও দক্ষতা প্রকাশ করেন। এটি শিক্ষার্থীদের জন্য রোবোটিকসের জটিল জগৎ সহজবোধ্য করার দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ।