শিক্ষার্থীদের প্রযুক্তিগত উদ্ভাবনকে বিকশিত করতে অনুষ্ঠিত হয়ে গেল ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫। দেশের ৮০টি বিশ্ববিদ্যালয় এবং ৩০টি কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয় ফেস্টের বিভিন্ন প্রতিযোগিতায়। পাশাপাশি ইউআইইউর অভ্যন্তরীণ ইভেন্টেও এক হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ১৭ ও ১৮ জানুয়ারি দুইদিনব্যাপী এ ফেস্টের আয়োজন করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানটিও ছিল অত্যন্ত জমকালো। ফেস্টের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

দুই দিনের উৎসবে প্রতিযোগিতাগুলোর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল লাইন ফলোয়িং রোবট (এলএফআর), রোবো সকার, ব্লকচেইন অলিম্পিয়াড, ইউআইইউ ইন্টার-ইউনিভার্সিটি প্রোগামিং কনটেস্ট ২০২৫, প্রজেক্ট শো, আইসিটি অলিম্পিয়াড। এলএফআর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্সের টিম রোবোমোর ডায়নামিক স্পার্কস। প্রথম রানারসআপ হয় ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের টিম স্কেচ ড্রাইভার্স এবং দ্বিতীয় রানারসআপ হয় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিম-ইনফিনিটি। রোবো সকারে চ্যাম্পিয়ন হয় ব্লু বিটল এবং প্রথম রানারসআপ হয় সি১০১—দুই দলই ইউআইইউর। দ্বিতীয় রানারসআপ হয়েছে টিম লিও।

ব্লকচেইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়েট অ্যানাদার ওয়ান, সিলভার মেডেল পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দি এলাইটস এবং ব্রোঞ্জ মেডেল পায় হামিদের সাদা ঘোড়া। প্রোটোটাইপ সেগমেন্টে সেরা প্রোটোটাইপের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ইউআইইউর অক্ট্রা। ইউআইইউ ইন্টার-ইউনিভার্সিটি প্রোগামিং কনটেস্ট ২০২৫-এ দেশের শীর্ষ তিনটি দল নিজেদের স্থান করে নেয়। চ্যাম্পিয়ন হয়েছে ডিইউ প্রিমোর্ডিয়াস (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রথম রানারআপ হয় ব্র্যাকইউ র‍্যান্ডমাইজড অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম (ব্র্যাক ইউনিভার্সিটি) এবং দ্বিতীয় রানারআপ হয় সাস্ট ফ্যানাটিকস (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)। প্রজেক্ট শো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ইউআইইউর টিম সিরিয়াস এবং যথাক্রমে প্রথম রানারসআপ রোব হাব ইউআইইউ, সেকেন্ড রানারসআপ হয় বুয়েটের টিম কোড বুস্টার। একই প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে নেয় বুয়েটের টিম দীপ্তি। পঞ্চম স্থান অর্জন করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির টিম আইইউটি অ্যাকসেস ডিনাইড। আইসিটি অলিম্পিয়াড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আকিব আজমাইন তুর্জা (গভর্নমেন্ট ইয়াসিন কলেজ), প্রথম রানারআপ হয়েছে হাসিবুল ইসলাম সাউরভ (বিএমএআরপিসি) এবং দ্বিতীয় রানারআপ হয়েছে অনন্য হৃদি দীপ (নৌবাহিনী কলেজ, ঢাকা)। এছাড়া আয়োজন ছিল বিভিন্ন আউটডোর গেমস, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা।

ফেস্টের আয়োজক ইউআইইউর সিএসই বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুল হুদা বলেন, ‘‌সিএসই ফেস্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। এ উৎসব তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি এবং প্রযুক্তি দক্ষতার উৎকর্ষের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে ভবিষ্যতের পথচলার দিকনির্দেশনা দিয়ে গেল। ইউআইইউ সিএসই বিভাগ ভবিষ্যতে প্রযুক্তি ক্ষেত্রের নেতৃত্বে আরো এক ধাপ এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আয়োজকরা জানান, আগামী বছরগুলোয় এ ফেস্ট আরো বড় আয়োজনে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর আয়োজন করবে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও ব্লকচেইন প্রযুক্তির নতুন নতুন ক্ষেত্র ইউআইইউ সিএসই ফেস্টের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে।