ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫। কনফারেন্সটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সেসের ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেসের বায়োটেকনোলজি প্রোগ্রাম।
এ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, ‘বিজ্ঞানভিত্তিক অগ্রগতি ও সামাজিক উন্নয়ন একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। মূল প্রবন্ধে তিনি দেশের উঠতি চ্যালেঞ্জগুলো ও দুর্বল গবেষণা অবকাঠামো মোকাবেলায় বুদ্ধিমত্তা, সহনশীলতা এবং লক্ষ্যনিষ্ঠ মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন।’
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সেসের ডিন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার বলেন, ‘বাস্তব সমস্যা সমাধানে জীববিজ্ঞান, প্রযুক্তি ও কম্পিউটেশনাল সক্ষমতা এখন একসঙ্গে কাজ করছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, ‘এ কনফারেন্স ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফলপ্রসূ গবেষণার মাধ্যমে ইতিবাচক প্রভাব তৈরি প্রচেষ্টার একটা অংশ। আমাদের উদ্দেশ্য হলো মেধা পাচার রোধ করে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চার একটি সক্রিয় পরিবেশ তৈরি করা।’
এ সম্মেলনের উল্লেখযোগ্য বিষয় ছিল দুটি প্লেনারি সেশন। এর প্রথমটি হলো ‘ফ্রম বেঞ্চ টু ব্রেকথ্রুস: আ লাইফটাইম জার্নি ইন বায়োটেকনোলজি’। শুক্রবার এ প্লেনারি সেশনটি অনুষ্ঠিত হয়। এতে কৃষি বায়োটেকনোলজি এবং মেডিকেল ফিজিকস ও পরিবেশবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রের গবেষকরা তাদের গবেষণা ও আবিষ্কারের গল্প তুলে ধরেন।
শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘রিইমাজিনিং বায়োটেক: বিল্ডিং স্টার্টআপস, এসএমইস অ্যান্ড প্রাইভেট সেক্টর পাথওয়েস ফর বায়োটেক গ্র্যাজুয়েটস’ শীর্ষক দ্বিতীয় প্লেনারি সেশন। আবিষ্কৃত নতুন জ্ঞান ও প্রযুক্তিকে কীভাবে উদ্ভাবন ও উদ্যোগের মাধ্যমে ফলপ্রসূ সমাধানে পরিণত করা যায় সেই বিষয়ে এ সেশনে আলোচনা করা হয়েছে।
শনিবার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ কনফারেন্স শেষ হয়েছে। পুরস্কার বিতরণী পর্বে বায়োটেকনোলজি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সগীর আহমেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস বিভাগের চেয়ারপারসন ড. মো. ফিরোজ এইচ হক।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন এ কনফারেন্সের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি প্রোগ্রামের ডিরেক্টর ড. মুনিমা হক।










