ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) ‘গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মো. ছিবগাত উল্লাহ, দি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসির চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।
কনক্লেভের শুরুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ক দুটি মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইউআইইউর এমএসসিএসই প্রোগ্রাম ও আইরিকের পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন এবং ইউআইইউর সিএসই বিভাগের প্রফেসর ড. সোহরাব হোসেন ।
মূল আলোচনার পর ‘গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ডায়লক অন এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক একটি উচ্চ-স্তরের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. ইমাদুর রহমান, স্টার্টআপ বাংলাদেশে এর ব্যবস্থাপনা পরিচালক নূরুল হাই, ফেলিসিটি আইডিসি লিমিটেড’র সিইও শরিফুল আলম, টেকনো গ্রিন কার্বন লিমিটেডের পরিচালক ড. আনিকা আলী ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির সিটিও এবং পরিচালক এসএআর মো. মুইনুল ইসলামসহ আরো অনেকে।
আলোচনায় বাংলাদেশে এআই, সাইবার-নিরাপত্তার সুযোগ-সুবিধা, সাইবার স্থিতিস্থাপকতা জোরদার ও চ্যালেঞ্জগুলো অন্বেষণ করার বিষয়ে সরকারি, শিক্ষা ও শিল্প খাতের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। এ কনক্লেভ সরকার, একাডেমিয়া ও শিল্পের মধ্যে সংলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম তৈরি করেছে। এছাড়া বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রায় এআই ও সাইবার-নিরাপত্তা প্রস্তুতির কৌশলগত দিকগুলোর ওপর গুরুত্ব দেয়া হয়।










