পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পর্ষদ ব্যাংকটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকটির অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি থেকে বাড়িয়ে আড়াই হাজার কোটি টাকায় উন্নীত করা হবে। ব্যাংকটির ৪১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩২ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭১ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৭ টাকা ৪৬ পয়সা (পুনর্মূল্যায়িত)।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ৫৯ পয়সা।
১৯৮৬ সালে শেয়ারবাজারে আসা ইউসিবির পরিশোধিত মূলধন ১ হাজার ৪৭৬ কোটি ৫৪ লাখ ৮০ হাজার এবং রিজার্ভে রয়েছে ২ হাজার ৩৯৫ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৪৭ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৪৭৬। এর মধ্যে ৩৫ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, দশমিক ৮১ শতাংশ সরকার, ২০ দশমিক ৮৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৫৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪১ দশমিক ৯২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
গতকাল ইউসিবির শেয়ারের সর্বশেষ দর ছিল ১২ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১ টাকা ১০ ও ১৩ টাকা ৫০ পয়সা।









