বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি ও এয়ারলাইন্সের অনিয়মের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাভেল এজেন্সিগুলো । আজ রোববার (২৬ জানুয়ারি) রাজধানীতে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্সি অফ বাংলাদেশ (আটাব) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
আটাবের দাবি, কিছু এয়ারলাইন্স গোপনে টিকিট মজুদ করে রেখে ভাড়া অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। এতে সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এয়ারলাইন্সগুলো নির্দিষ্ট কিছু এজেন্সিকে বেশি সুযোগ দিয়ে অন্যদের বঞ্চিত করছে।
এই সমস্যা সমাধানের জন্য আটাব সরকারকে বেশ কিছু দাবি জানিয়েছ। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দাবি হচ্ছে— বিমানের ফ্লাইট বৃদ্ধি করতে হবে, এয়ারলাইন্সগুলোকে টিকিট মজুদে বাধা দিতে হবে, সব এজেন্সিকে সমান সুযোগ দেয়াসহ বিমান ভাড়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। একইসঙ্গে তারা একটি টাস্কফোর্স গঠনের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধানের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে আটাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সহ-মহাসচিব জান্নাত আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান, উপ-মহাসচিব তোয়াহা চৌধুরী, অর্থ সচিব মো. সফিক উল্লাহ নান্টুসহ আটাবের কার্যনির্বাহী পরিষদ ও ঢাকা আঞ্চলিক পরিষদের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন। এছাড়াও আটাবের বিভিন্ন নেতা ও বাংলাদেশের গণ্যমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনটিতে।









