ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার স্কাউট সম্প্রতি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেছেন। প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে তারা এ দীর্ঘ যাত্রা করেন।
এই পরিভ্রমণে অংশ নেন রোভার মো. ইয়াসিন রহমান, খন্দকার জানেমুল হক, সাব্বির আহম্মেদ ও মো. কাউসার অহিদ বিপ্লব। পথ চলার সময় তারা চারটি সামাজিক সচেতনতামূলক বার্তা প্রচার করেন। এগুলো হলো— সমুদ্র রক্ষা, নীল অর্থনীতি, টেকসই উন্নয়নে আনবে গতি; চাঁদাবাজি-সন্ত্রাস, করে দেশের সর্বনাশ; সবার জন্য অধিকার, শিক্ষা-স্বাস্থ্য-সুবিচার এবং দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ, সবুজ দেশ।
গত ২১ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান এই পরিভ্রমণের উদ্বোধন করেন। ২২ জানুয়ারি সকাল ৮টায় কক্সবাজার এয়ার বেইজ থেকে যাত্রা শুরু হয়। পাঁচ দিনের এই যাত্রায় তারা ঈদগাঁও, চকরিয়া, লোহাগাড়া ও গাছবাড়িয়া হয়ে ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শহরের শহীদ মিনারে পৌঁছান। এরপর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের পরিভ্রমণ শেষ হয়।
পরিভ্রমণকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর পরিদর্শন করেন। পাশাপাশি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন।
উল্লেখ্য, ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি বাংলাদেশে স্কাউট আন্দোলনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইতোমধ্যে গ্রুপের দুইজন সদস্য প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এ বছর গ্রুপটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। —বিজ্ঞপ্তি









