তালিকাভুক্ত ব্যাংকবকির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই হিসাব বছরে কোম্পানিটির  মুনাফা কমেছে ২১ শতাংশ। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬১ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস কমেছে ২১ দশমিক শূণ্য ৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭১ পয়সায়। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) বেলা ১১টায় আহ্বান করা হয়েছে। এজিএমের স্থান পরে জানানো হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ এপ্রিল।

২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আইডিএলসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪০ টাকা ৩৯ পয়সা।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা। যেখানে এর আগের হিসাব বছরে সমন্বিত নিট মুনাফা ছিল ২৫৪ কোটি ৫ লাখ টাকা।

১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৬৯ কোটি ২০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪১ কেটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৮৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৬ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৭ দশমিক ৯৩, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ১৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৪ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে। 

ডিএসইতে গতকাল আইডিএলসি ফাইন্যান্স শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৭ টাকা ৫০ পয়সা।