রাজধানীর তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে ও সমাধানের উপায় খুঁজতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত আয়কর, ভ্যাট, শুল্ক, যানজট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গুলশানে ডিসিসিআই সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গুলশান, মহাখালী, বনানী ও বাড্ডার ১৪টি ব্যবসায়ী সংগঠনের নেতারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, এলসি খোলার দীর্ঘসূত্রতা, ডলারের মূল্যের অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, ভ্যাট প্রদানে জটিলতা, ট্রেড লাইসেন্স নবায়নের উচ্চ ফি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং যানজটের কারণে ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে ব্যবসায়ীদের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। কর ও ভ্যাট ব্যবস্থার জটিলতা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। অগ্রিম আয়কর ও নিয়ন্ত্রক শুল্কের বোঝা, আমদানি-রফতানির প্রতিবন্ধকতা ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও ঋণপত্র খোলার জটিলতা স্থানীয় শিল্পায়নের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতির উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ) মো. সাইয়েদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. সাইয়েদুল ইসলাম বলেন, এলসি মার্জিন নির্ধারণ ব্যাংক ও আমদানিকারকের সম্পর্কের ওপর নির্ভর করে। ডলারের মূল্য স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।

এনবিআরের প্রথম সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, চলতি অর্থবছরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং। স্বর্ণ ব্যবসায়ীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে করজাল সম্প্রসারণে এনবিআর কাজ করছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে। চাঁদাবাজি, হয়রানি ও ফুটপাত দখল রোধে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় গুলশান-১ নম্বর ডিএনসিসি দক্ষিণ পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. আবু তাহের বলেন, এলসি সমন্বয়ে তিন মাস লেগে যায়, এতে ব্যবসায়ীদের মূলধন আটকে থাকে।

মহাখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ আলম স্বপন বলেন, ভ্যাট হার বৃদ্ধি ও ট্রেড লাইসেন্স নবায়নের উচ্চ ফি ব্যবসার জন্য বাধা।

আমিন হোসেন অ্যান্ড কোংয়ের মোহাম্মদ আল আমিন বলেন, আয়কর আইনের ১৬৩ ধারা ও অগ্রিম আয়কর সমন্বয়ের দীর্ঘসূত্রতা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি করছে।

হাসান হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মাহফিজুল হক বলেন, অসহনীয় যানজট ও আইন-শৃঙ্খলার অবনতির কারণে ক্রেতার সংখ্যা কমছে।

মেট্রোপলিটন শপিং প্লাজা মার্কেট সমিতির জেনারেল সেক্রেটারি মো. আলমগীর হোসেন বলেন, বেশ কিছু ব্যবসায়ী দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন। এ ব্যাপারে পুলিশ সহায়তা দিচ্ছে না।

সভায় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহ-সভাপতি মো. সালেম সোলায়মান উপস্থিত ছিলেন।

সভা শেষে ২৫টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইয়ের সদস্যপদ প্রদান করা হয়। ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ নতুন সদস্যদের হাতে মেম্বারশিপ সার্টিফিকেট তুলে দেন।