গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা দিতে চট্টগ্রামে নতুন ডিপো চালু করেছে আনোয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এ-ওয়ান পলিমার লিমিটেড। ১৫ হাজার বর্গফুট আয়তনের এই ডিপো কোম্পানির লজিস্টিকস ব্যবস্থা সহজ করবে ও পণ্যের প্রাপ্যতা বাড়িয়ে ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিটি গেটস্থ মোস্তফা হাকিম রিয়েল এস্টেটে ডিপোটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের লজিস্টিকস ও ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মো. মফিদুল হক এবং এ-ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার (ব্যবসা) মো. আবদুর রাজ্জাকসহ অন্যান্য ব্যবসায়িক অংশীদাররা।
ডিপো উদ্বোধন অনুষ্ঠানে ওয়ায়েজ আর হোসেন বলেন, নতুন এই ডিপো উদ্বোধন আমাদের গ্রাহকদের সেবার মান উন্নত করার পাশাপাশি বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি গ্রাহকদের চাহিদা পূরণে সহায়তা করবে। এছাড়াও টেকসই উন্নয়নে আমাদের প্রতিশ্রুতি আরো দৃঢ় করবে।
নতুন এই ডিপোটি এ-ওয়ান পলিমারের ইউপিভিসি পাইপ ও ফিটিংস, সিপিভিসি পাইপ ও ফিটিংস, পাম্প, টেফলন টেপ, বাথরুম ফিটিংস, ম্যাজিক পাইপ ও টয়লেট টিস্যু হোল্ডারসহ বিভিন্ন পণ্য বিতরণের আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটি গ্রাহক সেবা আরো উন্নত করতে এবং বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। —বিজ্ঞপ্তি









