স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আমাদের প্রতিযোগিতা বাড়াতে হবে দক্ষতার মাধ্যমে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) ৮ম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তীর্ণ হতে যাচ্ছি। এর ফলে রফতানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধের মুখে পড়তে হবে, যা আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে। এ ধাক্কা সামলাতে আমাদের সক্ষমতা বাড়াতে হবে।
তিনি আরো বলেন, ২০৩০ সাল পর্যন্ত আমাদের হাতে সময় আছে। যদি ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করি, তবে ওয়ার্কিং গ্রুপগুলো একসঙ্গে কাজ করলে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ সম্ভব।
সভায় লুৎফে সিদ্দিকী বলেন, আমাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ব্যবসা সহজীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বয় ও সহযোগিতা বাড়াতে হবে।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেতু বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের প্রশাসক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইপিবির ভাইস চেয়ারম্যান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ)সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য হলো বাণিজ্য উদারীকরণের স্বার্থে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত বিধি-বিধান ও কর্মপদ্ধতি পর্যালোচনা করে আমদানি ও রফতানি পণ্যের প্রসার ও চলাচল ত্বরান্বিত করা।
ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের আওতায় গৃহীত কার্যক্রমকে ৩টি (এ, বি, সি) ক্যাটাগরিতে ভাগ করা হয়। এ ক্যাটাগরির ২১টি কার্যক্রমের বাস্তবায়ন সংক্রান্ত নোটিফিকেশন ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে ডব্লিউটিওতে পাঠানো হয়। বি ক্যাটাগরির ১৮টি কার্যক্রম বাস্তবায়নের ভিন্ন ভিন্ন সময়সীমা নির্ধারিত ছিল। বি ক্যাটাগরি কার্যক্রমসমূহ বাস্তবায়ন করা হয়েছে। বাস্তবায়ন সংক্রান্ত নোটিফিকেশন ভিন্ন ভিন্ন তারিখে ডব্লিউটিওতে পাঠানো হয়। সি ক্যাটাগরির ১৫টি কার্যক্রম বাস্তবায়নের সর্বশেষ সময়সীমা ৩০ জুন ২০৩০ তারিখ। এরই মধ্যে সি ক্যাটাগরির ৫টি কার্যক্রম বাস্তবায়ন হয়েছে এবং এ সংক্রান্ত নোটিফিকেশন ডব্লিউটিওতে পাঠানো হয়েছে। অবশিষ্ট ১০টি কার্যক্রম চলমান রয়েছে।









