স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বায়োমেডিক্যাল গবেষণায় বিটিআরআইয়ের ভূমিকা নিয়ে একটি অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আইএফএসটি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। তিনি বলেন, বিসিএসআইআর দেশবাসীর কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের উচিত বিটিআরআইয়ের আবিষ্কৃত পদ্ধতিগুলো ব্যবহার করে নতুন নতুন ব্যবসার সম্ভাবনা উন্মোচন করা।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিটিআরআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুস সাত্তার। তিনি বলেন, বিটিআরআই বিসিএসআইআরের সবচেয়ে নতুন গবেষণাগার। এখানকার বিজ্ঞানীরা একে বিশ্বমানের গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআরের সদস্য (উন্নয়ন) কাজী আনোয়ার হোসেন, সদস্য (অর্থ) রোকনুজ্জামান, সদস্য (প্রশাসন) মো. ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসা. হোসনে আরা বেগম ও পরিষদের সচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এস এম আব্দুর রহমান বিসিএসআইআরের সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়ার আহ্বান জানান।

কর্মশালায় স্কয়ার, ইনসেপ্টা, একমি, নেসলেসহ ৬০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে বিটিআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রহিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। —বিজ্ঞপ্তি