দেশব্যাপী ইয়ামাহা রাইডারস ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যেখানে সমগ্র বাংলাদেশ থেকে ইয়ামাহা রাইডারস ক্লাবের মোট ৩১৪ জন প্রতিযোগী ১৫৭টি টিমে ভাগ হয়ে অংশগ্রহণ করে। মোট ২৮ দিনব্যাপী এ প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয়ে অংশগ্রহণ করে।

গত ৭ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরে অবস্থিত ডি বক্স স্পোর্টস কমপ্লেক্সে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। মোট চারটি ক্যাটাগরিতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মটরস এর উপ ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইয়ামাহা রাইডার্স ক্লাব, ইয়ামাহা মোটরসাইকেলস রাইডারদেরকে নিয়ে গঠিত একটি সংগঠন। দেশের প্রতিটি জেলায় এ মোটরসাইকেল ক্লাবের শাখা রয়েছে এবং দেশব্যাপী এদের রয়েছে প্রায় ১৫ হাজারের বেশি নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর অনেক বড় পরিসরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে ক্লাবটি।— বিজ্ঞপ্তি