সিটি ব্যাংক পিএলসির পর্ষদ সভা ২৭ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ১৪ শতাংশ। আলোচ্য হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৩৬ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে সিটি ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা।









