বাংলাদেশে প্রথমবারের মতো ফুড প্লেটিং নিয়ে আয়োজিত রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং-সিজন ২’ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ আয়োজনের ঘোষণা দেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. খোরশেদ আলম।

তিনি বলেন, আকিজ বশির গ্রুপের মূল ব্যবসা সিরামিক। ২০২১ সালে আমরা টেবিলওয়্যার নিয়ে কাজ শুরু করি, যা এখন দেশের সবচেয়ে বড় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পণ্য রফতানিও করা হচ্ছে। এবার আমরা ফুড প্লেটিং নিয়ে কাজ শুরু করেছি, যা আমাদের খাবারের পরিবেশন আরো আকর্ষণীয় করে তুলবে।

তিনি আরো বলেন, প্রথম সিজনে দর্শকদের বিপুল সাড়া পাওয়ায় এবার এটি আরো বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের ফুড আর্টিস্টদের একত্রিত করে নিজেদের সংস্কৃতি ও গল্প বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হবে।

আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান বলেন, প্রতিযোগিতার জন্য ফেসবুকে প্রচারণা শুরু হয়েছে। এবার এটি টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মে সম্প্রচারিত হবে। এখানে খাবার রান্নার প্রতিযোগিতা নয়, বরং রান্না করা খাবারকে সুন্দরভাবে পরিবেশন করার দক্ষতা যাচাই করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের খাবার বিশ্বজুড়ে জনপ্রিয়। এখানে অনেক প্রতিভাবান শেফ রয়েছেন, যারা বিদেশেও শেফ শিল্পে কাজ করছেন। এ প্রতিযোগিতার মাধ্যমে তারা বাংলাদেশের খাবারকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং বিশ্ব দরবারে তুলে ধরতে পারবেন।

রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন পাবেন ১০ লাখ টাকা। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ, দ্বিতীয় রানারআপ পাবেন ৩ লাখ, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রতিযোগীরা পাবেন ১ লাখ টাকা করে। শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স এবং আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা নিজেদের করা সেরা প্লেটিংয়ের ছবি তুলে ওয়েবসাইটে জমা দিতে পারবেন। প্রাথমিকভাবে বিচারকরা ২০০ জনকে বাছাই করবেন, যারা অডিশনে অংশ নেবেন। সেখান থেকে শীর্ষ ৩০ জন প্রতিযোগী মূল রিয়েলিটি শোতে জায়গা পাবেন। অডিশন শুরু হবে মার্চের মাঝামাঝি, আর ফাইনাল শো অনুষ্ঠিত হবে ১০ বা ১২ এপ্রিল।

এ প্রতিযোগিতা সম্প্রচারিত হবে এনটিভি, চ্যানেল আই, দীপ্ত টেলিভিশন ও ওটিটি প্লাটফর্ম চরকিতে। বিচারক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ড্যানিয়েল সি গোমেজ ও সাউদিয়া স্মিতা সাদিয়া।