ঢাকার রাজনৈতিক রূপান্তর ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটির অডিটোরিয়াম রুমে ও জুম প্ল্যাটফর্মের মাধ্যমে হাইব্রিড ফরম্যাটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, লেখক, সাংস্কৃতিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ঢাকার ইতিহাস, স্মৃতি, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক সংকট ও প্রান্তিক সংস্কৃতির মতো বিষয় নিয়ে আলোচনা হয়।

এই কর্মশালাটি সোনারগাঁও ইউনিভার্সিটি, উইথআউট বর্ডার্স, আইসিডিইএস ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান কর্মশালার উদ্বোধনী বক্তব্যে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান কি-নোট বক্তৃতা দেন। আইসিডিইএসের কার্যক্রম তুলে ধরেন প্ল্যাটফর্মটির অনারারি ডিরেক্টর মাহফুজুল হক। কর্মশালার পরিচিতি ও বিষয়বস্তু তুলে ধরেন সাউথ এশিয়ান কালচারাল স্টাডিজের প্রধান সম্পাদক ড. তসলিম শাকুর।

কর্মশালায় মোট চারটি সেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ঢাকার রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ঢাকার সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক সংকটের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোকপাত করা হয়েছে। এছাড়াও ঢাকায় প্রান্তিক সংস্কৃতির আন্দোলনের উত্থান ও এর প্রভাব এবং ঢাকার জনপ্রিয় সংস্কৃতির পরিবর্তনের প্রভাব নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

কর্মশালায় কণ্ঠশিল্পী পারসা মেহজাবিনের সঙ্গীত পরিবেশনা ও শিল্পী মাহমুদুল হাসান রিপনের নৃত্য পরিবেশনা আকর্ষণ যোগ করে। এছাড়া জুলাই আন্দোলন নিয়ে রচিত কবিতা ব্লু রেবেল আবৃত্তি করেন ড. তসলিম শাকুর ও অধ্যাপক ইমামুর হোসেন। —বিজ্ঞপ্তি