বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ মতিয়ার রহমানকে বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশন এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। বিএলসিএফইএর কার্যনির্বাহী কমিটি পদত্যাগ করায় সংগঠনটির চলমান অস্থিরতা, অসন্তোষ ও সমন্বয়হীনতার কারণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখার রাখতে পারছে না।
এতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭(১) অনুযায়ী-ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। তাই বিএলসিএফইএর বর্তমান কার্যনির্বাহী কমিটি বিদ্যমান না থাকায় নোটিশ দেয়ার সুযোগ নেই।
এ পরিস্থিতিতে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চলমান অস্থিরতা ও অসন্তোষ দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক; সেহেতু বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ মতিয়ার রহমানকে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হলো।
আদেশে আরো বলা হয়, শেখ মতিয়ার রহমান ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।









