পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছে থাকা ফান্ডটির ১ কোটি ৭০ লাখ ইউনিটের মধ্যে ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ ইউনিট বিক্রি করবে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১০ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ৬০ কোটি টাকা। পুঞ্জীভূত লোকসান ১২ কোটি ৩৮ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ছয় কোটি। এর মধ্যে ৩২ দশমিক ৮২ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। বাকি ১৫ দশমিক ৮০ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক শূন্য ১ শতাংশ বিদেশী ও ৫১ দশমিক ৩৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ডিএসইতে গতকাল ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭ টাকা ২০ পয়সা। গত এক বছরের ফান্ডটির ইউনিট দর ৭-১১ টাকার মধ্যে ওঠানামা করেছে।
৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ফান্ডটি ইউনিটধারীদের জন্য ৩ শতাংশ নগদ মুনাফা ঘোষণা করেছিল। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছিল ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৫ পয়সা। সমাপ্ত ২০২২ হিসাব বছরে ফান্ডটি ইউনিটধারীদের জন্য ৫ শতাংশ নগদ মুনাফা ঘোষণা করেছিল।









