নারীদের খেলাধুলায় বাধা দেয়ার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংগঠনটি বলেছে, নারীদের ফুটবল ম্যাচে হামলা ও ভাঙচুরের ঘটনাগুলো তাদের স্বাধীনতা ও সুযোগকে বাধাগ্রস্ত করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ বুধবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমজেএফ জানায়, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জয়পুরহাটে একটি নারী ফুটবল ম্যাচে বাধা দেয় একটি গোষ্ঠী। এ সময় সেখানে ভাঙচুরও চালানো হয়।

এর আগে, দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বন্ধুত্বপূর্ণ এক নারী ফুটবল ম্যাচ স্থগিত করা নিয়ে সংঘর্ষ হয়। সেখানে অন্তত ২০ জন আহত হন।

এ বিষয়ে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারী ও কন্যাশিশুর ক্ষমতায়নের অন্যতম উপায় হলো খেলাধুলায় অংশগ্রহণ। এটি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সমাজে অন্তর্ভুক্তি নিশ্চিত করে।

তিনি আরো বলেন, যে দেশে সংবিধান জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নকে স্বীকৃতি দিয়েছে, সেখানে এমন ঘটনা দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

নারীদের খেলাধুলায় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা ও সহিংসতা উসকে দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে এমজেএফ।

সংগঠনটি নাগরিক সমাজ ও নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নারীর অধিকার হরণ করতে চাওয়া প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। —বিজ্ঞপ্তি