ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে ৪৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করে আন্তর্জাতিক রাউন্ডে জায়গা করে নিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এ নিয়ে ৬ষ্ঠবারের মতো তারা এই প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পেল।
আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইস্টার্ন ইউনিভার্সিটি। এর আগে তারা তিনবার সরাসরি ও দুইবার অনলাইনে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এবার তারা চতুর্থবারের মতো সরাসরি আন্তর্জাতিক পর্বে লড়বে।
বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম দল হিসেবে অ্যাডভান্স রাউন্ডে উত্তীর্ণ হয়। দলের সদস্য মাহির চৌধুরী, ফারিহা নওশীন ও সাকিব খন্দকার প্রতিযোগিতায় দারুণ আইনি দক্ষতা দেখিয়ে ন্যাশনাল রাউন্ডে রানার্স-আপ ট্রফি অর্জন করে। এছাড়া মাহির চৌধুরী ৮৮ জন প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ স্কোর করে বেস্ট মুর্টা সম্মাননা লাভ করেন।
বিশ্বের সবচেয়ে বড় মুট কোর্ট প্রতিযোগিতা হিসেবে পরিচিত জেসাপ মুট কোর্টকে মুটিংয়ের বিশ্বকাপ বলা হয়। এবারের বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডটি আয়োজন করে জেসাপ বাংলাদেশ, ইলসা বাংলাদেশ চ্যাপ্টার, হার্থ বাংলাদেশ ও এআইইউবি।
এই সাফল্যের পেছনে ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগ ও ইস্টার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির (ইইউএমসিএস) নিরলস প্রচেষ্টা কাজ করেছে। দলটির কোচ এ.বি.এম ইমদাদুল হক খান, ওমর ফারুক তামিম ও অন্যান্য অনুষদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। —বিজ্ঞপ্তি









