বরেণ্য আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট বদিউল আলমের ২২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে ‘অ্যাডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদ’ চন্দনাইশে দোয়া মাহফিলের আয়োজন করেছে।

অ্যাডভোকেট বদিউল আলম ১৯২৬ সালে চট্টগ্রামের চন্দনাইশ থানার ফতেহনগর গ্রামে সম্ভ্রান্ত শিকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সালে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

তিনি মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ১৯৮১ সালে সভাপতি নির্বাচিত হন।

আইন পেশায় তার অবদান অসামান্য। পাঁচ দশকের ক্যারিয়ারে তার অধীনে শতাধিক আইনজীবী কাজ করেছেন, যারা বর্তমানে সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম বারে সিনিয়র আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

এছাড়া তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি, মুসলিম এডুকেশন সোসাইটি, চট্টগ্রাম অর্পণা চরণ গার্লস হাই স্কুল পরিচালনা কমিটি, পটিয়া কলেজ অর্গানাইজিং কমিটি এবং কদম মোবারক মুসলিম এতিমখানার আজীবন সদস্য ছিলেন।

অ্যাডভোকেট বদিউল আলম নিজ গ্রাম ফতেহনগরে তিনি ব্যক্তিগত উদ্যোগে শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও তৎসংলগ্ন একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। —বিজ্ঞপ্তি