টি. কে গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মাদ মুস্তাফা হায়দার বলেছেন, আমরা যদি আমাদের অর্থনীতিকে পশ্চিমা দেশগুলোর দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, তাহলে আমাদের ভ্রম হতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে দেয়া সবসময় সমাধান হতে পারে না।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি। ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে এ পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুস্তাফা হায়দার বলেন, বাইরের (পশ্চিমা) অর্থনীতি ‘ক্রেডিট ড্রিভেন’ অর্থনীতি। নিত্যপণ্যে তাদের ব্যয় অনেক কম। ঘরবাড়ি, গাড়ি কেনার ক্ষেত্রে তাদের ব্যয়টা অনেক বেশি। বিপরীতে আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যেই সবচেয়ে বেশি শেয়ার। বাড়ি, গাড়ি কেনার শেয়ার খুবই ছোট।
তিনি বলেন, সুদহার বাড়ানোর অর্থ হচ্ছে ভোগ কমানো। আমাদের ৭০ শতাংশ আয়ই নিত্যপ্রয়োজনীয় পণ্যের পেছনে খরচ হয়। সেক্ষেত্রে সুদহার বাড়িয়ে আমরা ‘ইন্টারেস্ট ড্রিভেন’ মূল্যস্ফীতি তৈরি করছি।
তিনি আরো বলেন, দিনদিন আমাদের খরচ বাড়ছে। কিন্তু কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্টের ভেতর আমদানি শূন্যতা কমে যাচ্ছে। আমাদের সুদহার, গ্যাসের দাম ইত্যাদি বেড়ে যাচ্ছে।









