অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বিশেষ দিনটি ছিল ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের জন্য ক্রীড়া ও একতার উৎসব। যেখানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, দলগত খেলা অনুষ্ঠিত হয়। ১০০ মিটার স্প্রিন্ট দৌড়, রিলে রেস, উচ্চ লম্ফ ও দীর্ঘ লম্ফের মতো নানা আয়োজন ছিল সারা দিন। যেমন খুশি তেমন সাজোর মতো নজরকাড়া আয়োজনও ছিল সারা দিনব্যাপী।
প্রধান অতিথি ছিলেন বর্তমান বিপিএল (ক্রিকেট, টেকনিক্যাল) চেয়ারম্যান, আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার এ এস এম রকিবুল হাসান। তিনি তার অনুপ্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করেন। বিশেষ অতিথি ছিলেন জোবেরা রহমান লিনু। যিনি টেবিল টেনিসে টানা ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সিইও মোহাম্মদ আবু কায়েস জাহাদি এবং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক তুবা আরবাব। পুরো দিনটি ছিল আনন্দময় এবং উৎসবমুখর, যেখানে ক্রীড়া প্রতিযোগিতা এবং দলগত কার্যক্রমের মাধ্যমে স্কুলের ঐক্য ও খেলাধুলার চেতনা উদযাপিত হয়েছে। —বিজ্ঞপ্তি









