উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তাদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সম্প্রতি ঢাকার বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা, মানব লোগো তৈরি, খেলাধুলা, ফান ইভেন্টস ও শিক্ষার্থীদের থিম সং এর নৃত্যনাট্য পরিবেশনা। পুরো ক্যাম্পাস সাজানো হয় রঙিন আলোকসজ্জায়। শীতের ঘন কুয়াশা উপেক্ষা করে প্রায় ২২ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাসহ সবাই ক্যাম্পাসে জড়ো হন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হবে দেশের প্রথম স্কিল ফোকাসড বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীদের এমনভাবে দক্ষ করে তোলা হবে, যাতে কেউ বেকার না থাকে। কেউ উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করলেও দেশের অর্থনীতিতে অবদান রাখবে।
তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তিতে দক্ষ করে তোলার জন্য কাজ করছি, যাতে তারা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে।
ড. সবুর খান জানান, শিক্ষার্থীদের কল্যাণে গত জুলাই-আগস্ট বিপ্লবের পর ৩১ কোটি টাকার বৃত্তি দেয়া হয়েছে, যা প্রায় প্রতিটি শিক্ষার্থী পেয়েছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্ব র্যাংকিংয়ের বিভিন্ন সূচকে মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছে। এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী রয়েছে। সম্মিলিতভাবে আমরা সবাই ড্যাফোডিলিয়ান। —বিজ্ঞপ্তি









