বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ছাত্র ও যুবসমাজের নৈতিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষতা বিষয়ে একটি ইসলামি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সেমিনার পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর হামদ ও নাত পরিবেশিত হয়।
সেমিনারে শায়খ আহমাদুল্লাহ বলেন, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, ইসলাম শুধু আধ্যাত্মিকতার শিক্ষা দেয় না, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটায়। ছাত্র ও যুবসমাজ যদি ধর্মীয় শিক্ষাকে যথাযথভাবে গ্রহণ করে এবং তা জীবনে প্রয়োগ করে, তাহলে তারা নিজেদের উন্নতির পাশাপাশি সমাজের কল্যাণেও ভূমিকা রাখতে পারবে।
তিনি আরো বলেন, আজকের বিশ্বে প্রযুক্তির অপব্যবহার, নৈতিক অবক্ষয় ও নানা প্রলোভন যুবসমাজকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। তাই ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও ছাত্র বিষয়ক উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক মিঞা লুৎফর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা করা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী। তিনি বলেন, বিইউবিটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেয়, যা তাদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নৈতিক শিক্ষার চর্চা ও ইসলামের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি









