ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ১,৯৬৯ জন শিক্ষার্থী সনদ পেয়েছেন। এর মধ্যে ১,৫৫০ জন স্নাতক ও ৪১৯ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
সমাবর্তনে সভাপতিত্ব ও সনদ প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. এম আমিনুল ইসলাম বলেন, কর্মক্ষেত্রে সফল হতে হলে ইংরেজি বলা ও লেখার দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা প্রয়োজন। এ দুই দক্ষতা থাকলে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, পেশা বেছে নিতে হবে ভালো লাগার জায়গা থেকে। যদি কোনো দায়িত্ব গ্রহণ করো, সেটি সঠিকভাবে পালন করাই তোমার কর্তব্য।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, উন্নতির মূল চাবিকাঠি লুকিয়ে আছে উদ্ভাবনের মাঝে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি ও ডেটা সায়েন্সের মতো ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।
আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এটি কোনো কঠিন কাজ নয়। বরং অভ্যাসের অংশ করে নিতে হবে।
উপাচার্য অধ্যাপক ম. তামিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জিজ্ঞাসু হও, শেখার কোনো শেষ নেই। তোমার দায়িত্ব শুধু নিজের প্রতি নয়। পরিবার, সমাজ ও দেশের প্রতিও রয়েছে।
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দুই শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল দেয়া হয়। ফার্মেসি বিভাগের সামিয়া আক্তার এবং ইংরেজি ও মডার্ন ল্যাংগুয়েজেস বিভাগের রাবিয়া বিনতে হোসাইন এই সম্মাননা পেয়েছেন।
অলরাউন্ডার অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক পেয়েছেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ও গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগের নাজিফা রাইদাহ।
স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফলের জন্য পুরস্কৃত হয়েছেন নিশাত রামিসা ইসলাম, আতিকা হুমাইরা, আশরাফি আঞ্জুমান স্নেহা, উম্মুল ওয়ারা, শেখ মুস্তারীন মুস্কান মর্তুজা ও নায়লা নূরেন স্নিগ্ধা। স্নাতকোত্তর পর্যায়ে পুরস্কার পেয়েছেন তাসমিন তাবাসসুম নোলক, তাহসিন তাবাসসুম অনন্ত, আবদুল্লাহ আল মামুন, তাহেরা জোবাইদা মালিহা ও মাইশা ইসলাম।
সমাজসেবায় পুরস্কার পেয়েছেন উম্মুল ওয়ারা, নাফিসা তাবাসসুম ও নাজরানা খান। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেয়েছেন নাজরানা খান ও ফাহমিদা বিনতে আজাদ। স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড লাভ করেছেন শারমিন ইসলাম শ্রদ্ধা, তাশফিয়া তাসনিম তুবা ও জান্নাতুল মাওয়া মৌরী।
সমাবর্তনে ছয় অনুষদের ডিনবৃন্দ বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আনোয়ারুল ইসলাম।









