স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মালিক মোহাম্মেদ সাঈদ। তিনি ২০০২ সালে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে স্কয়ার টয়লেট্রিজে যোগ দেন। দুই দশকের বেশি সময় ধরে এফএমসিজি খাতে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কোম্পানির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

কর্মজীবনে তিনি চিফ অপারেশন অফিসার, হেড অফ অপারেশন ও হেড অফ মার্কেটিংয়ের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দক্ষ নেতৃত্ব ও শিল্পখাত সম্পর্কে গভীর জ্ঞানের কারণে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অগ্রগতিতে তার অবদান গুরুত্বপূর্ণ।

মালিক মোহাম্মেদ সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ পথ পেরিয়ে তিনি এবার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করলেন।