আজ ১৬ মে। হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘সেভিং প্রাইভেট রায়ান’ দেখেননি এমন সিনেমা প্রেমী খুঁজে পাওয়া ভার। তবে অনেকেই হয়তো জানেন না, রূপালি পর্দার এই আবেগঘন ও রোমহর্ষক কাহিনীর পেছনে লুকিয়ে আছে এক মার্কিন পরিবারের বাস্তব ও নির্মম আত্মত্যাগের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৪ সালের আজকের দিনে বার্মার (বর্তমান মিয়ানমার) আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর প্যারাসুট দিয়ে নেমে নিখোঁজ হন সার্জেন্ট এডওয়ার্ড নিল্যান্ড। সামরিক কর্তৃপক্ষ ধরে নেয় তিনি আর বেঁচে নেই।
এ ঘটনার মাত্র তিন সপ্তাহ পর নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর ঐতিহাসিক অভিযানের দিনে এডওয়ার্ডের ভাই রবার্ট নিল্যান্ড যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। এর ঠিক পরের দিনই উতাহ বিচে অপর ভাই প্রেস্টন নিল্যান্ড দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। নিল্যান্ড পরিবারের চতুর্থ ভাই ফ্রেডেরিক তখনো মার্কিন সেনাবাহিনীতে সক্রিয়ভাবে লড়াই করছিলেন। কিন্তু মাত্র কয়েক দিনের ব্যবধানে এক পরিবারের তিন সন্তানকে হারিয়ে মার্কিন যুদ্ধ বিভাগ সিদ্ধান্ত নেয়, এই পরিবারের আত্মত্যাগ আর দীর্ঘ করা যাবে না।

ছবি: রেডিট থেকে নেয়া
পারিবারিক বংশরক্ষা ও সান্ত্বনার খাতিরে ফ্রেডেরিককে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়। ঘটনার প্রায় অর্ধশতাব্দী পর, নিল্যান্ড ভাইদের এই অবিশ্বাস্য ও বুকভাঙা বীরত্বের গল্পটিকেই সেলুলয়েডের ফিতায় বন্দি করেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ, যা আজ বিশ্ব চলচ্চিত্রে এক কালজয়ী মাস্টারপিস হিসেবে, ‘সেভিং প্রাইভেট রায়ান’ নামে।
একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫২৭ : ফ্লোরেন্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৭৭০ : ফ্রান্সের ভবিষ্যৎ রাজা ষোড়শ লুইয়ের সঙ্গে মেরি আঁতোয়ানেতের বিয়ে হয়।
১৭৯২ : ডেনমার্ক দাস বাণিজ্য নিষিদ্ধ করে।
১৮৬০ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে আব্রাহাম লিংকনকে মনোনয়ন দেয়া হয়।
১৯২৯ : প্রথম একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
১৯৪৩ : ওয়ারশ ঘেটোতে ইহুদি প্রতিরোধ আন্দোলন দমন করে নাৎসি বাহিনী।
১৯৬৩ : মহাকাশচারী গর্ডন কুপার পৃথিবীকে ২২ বার প্রদক্ষিণ সম্পন্ন করেন।
১৯৮৯ : সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও চীনের দেং শিয়াওপিং বৈঠকের মাধ্যমে দীর্ঘ ৩০ বছরের বিরোধের অবসান ঘটান।
২০০৫ : কুয়েতে নারীদের ভোটাধিকার দেয়া হয়।
জন্ম
১৯০৫ : হেনরি ফন্ডা, মার্কিন অভিনেতা।
১৯১৯ : লিবারাচি, মার্কিন পিয়ানোবাদক।
১৯৫৩ : পিয়ার্স ব্রসনান, আইরিশ-মার্কিন অভিনেতা।
১৯৬৬ : জ্যানেট জ্যাকসন, মার্কিন সংগীতশিল্পী।
মৃত্যু
১৯৫৩ : জ্যাঙ্গো রেইনহার্ট, কিংবদন্তি জ্যাজ গিটারবাদক।
১৯৮৪ : অ্যান্ডি কফম্যান, মার্কিন কৌতুক অভিনেতা।
১৯৯০ : জিম হেনসন, জনপ্রিয় ‘মাপেটস’-এর স্রষ্টা।












