বিশ্বখ্যাত নিলাম সংস্থা সদবি’স-এর নিলামে রীতিমতো ঝড় তুলেছে ফরাসি ইমপ্রেশনিস্ট মাস্টার ক্লদ মোনের দুটি শতবর্ষী মাস্টারপিস। প্যারিসে আয়োজিত আধুনিক ও সমকালীন শিল্পের এ নিলামে মোট বিক্রি দাঁড়িয়েছে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৪১ মিলিয়ন ডলার)। এর মধ্যে ১৬ দশমিক ৭ মিলিয়ন ইউরো দাম উঠেছে কেবল মোনের চিত্রকর্ম দুটির। এ নিলামের মধ্যে দিয়ে প্রায় ৯৮ বছর পর প্রকাশ্যে এলো মোনের ‘ভেতুই, এফে দু মাতাঁ’ চিত্রকর্মটি। অন্যদিকে ১১৫ বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসে 'লে ইল দ্য পর-ভিলে'।
গত বছরের তুলনায় এবারের নিলামে সথবি’স-এর আয় বেড়েছে ৮৪ শতাংশের বেশি। নিলামের আগে যে পূর্বাভাস দেয়া হয়েছিল সেটিকেও ছাড়িয়ে গেছে চূড়ান্ত ফলাফল। সদবি’স প্যারিসের ইতিহাসে এটি আধুনিক শিল্পকলা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড।
এ সাফল্যকে উদযাপন করে বিবৃতি দিয়েছেন সদবি’স প্যারিসের মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি আর্ট বিভাগের সহ-প্রধান থমাস বোম্পার্ড। তিনি বলেন, ‘মোনের ক্যানভাসে চেনা আলো-ছায়ার খেলা আবারো প্যারিসকে মনে করিয়ে দিল কেন তাকে এখনো ইমপ্রেশনিজমের রাজপুত্র বলা হয়। নিলাম কক্ষের টানটান উত্তেজনা, শিল্পরসিকদের সরব উপস্থিতি প্রমাণ করল বৈশ্বিক শিল্পবাজারে প্যারিসের ধ্রুপদী আভিজাত্য এখনো অমলিন।’

ক্লদ মোনের চিত্রকর্ম 'লে ইল দ্য পর-ভিলে'
নিলামের সময় সবার চোখ আটকে ছিল মোনের ১৯০১ সালে আঁকা বিখ্যাত চিত্রকর্ম ‘ভেতুই, এফে দু মাতাঁ’-এর ওপর। দীর্ঘ ৯৮ বছর লোকচক্ষুর অন্তরালে থাকা এ চিত্রকর্মটি এক ফরাসি পরিবাের মালিকানায় ছিল। প্রায় পাঁচ দশক ধরে তাদের ব্যক্তিগত সংগ্রহে থাকা এই নিসর্গচিত্রটি মাত্র ১০ মিনিটের রোমাঞ্চকর লড়াই শেষে ১০ দশমিক ২ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়। ফ্রান্সে মোনের কাজের জন্য এটিই এ যাবৎকালের সর্বোচ্চ মূল্যের রেকর্ড।
অন্যদিকে, প্রায় ১১৫ বছর পর প্রদর্শিত মোনের ১৮৮৩ সালের চিত্রকর্ম 'লে ইল দ্য পর-ভিলে' বিক্রি হয়েছে ৬ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে।
মোনের পাশাপাশি নিলামে দ্যুতি ছড়িয়েছেন অন্য কিংবদন্তিরাও। প্রথমবারের মতো নিলামে ওঠা মার্ক শাগালের বিখ্যাত ‘সার্কাস’ সিরিজের দুটি গুয়াশ চিত্রকর্ম বিক্রি হয়েছে ১ দশমিক ১ মিলিয়ন ইউরো করে। ইতালীয় শিল্পী লুসিও ফন্টানার নীল ক্যানভাসের আইকনিক শিল্পকর্ম ‘কনচেত্তো স্পাজিয়ালে, আত্তেজে’ ২ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়ে সংগ্রাহকদের চমকে দিয়েছে। এছাড়া রেমব্রাঁ বুগাত্তির ব্রোঞ্জ ভাস্কর্য এবং গেরহার্ড রিখটারের চিত্রকর্ম নিলামে শৈল্পিক রূপ যোগ করেছে।
আর্ট নিউজ অবলেম্বনে শামীমা ইসলাম










