আজ ২৫ মার্চ। ১৮০৭ সালের আজকের দিনে ওয়েলসে বিশ্বের প্রথম ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনকারী রেলওয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে এটি ‘মাম্বলস রেলওয়ে’ নামে পরিচিতি পায়। পাশাপাশি বিশ্বের দীর্ঘতম সময় ধরে চলা লোকোমোটিভ লাইনে পরিণত হয়।

কিন্তু মজার ব্যাপার হলো, রেলপথটি মূলত শিল্পের প্রয়োজনে তৈরি করা হয়েছিল এবং যাত্রীদের সুবিধা ছিল একটি গৌণ বিষয়। ১৮২৩ সাল নাগাদ ঘোড়ায় টানা ১৬ আসনের গাড়িতে করে দিনে দুবার এ পথে যাত্রী আনা-নেয়া করা হতো।

১৯২৮ সালে বিদ্যুৎ আসার পর সেখানে দ্বিতল ট্রাম চলতে শুরু করে। পরে ১৯৪০-এর দশকে বার্ষিক কয়েক মিলিয়ন যাত্রী এ রেললাইন ব্যবহার করতেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যাত্রীদের চাহিদা কমে যাওয়ায় রেললাইনটি পরিচালনা করা আর্থিকভাবে কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৯৬০ সালের ৪ জানুয়ারি একটি প্রতীকী শেষকৃত্যের মাধ্যমে ঐতিহাসিক এ রেললাইনের পথচলা বন্ধ হয়।

একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৩০৬ : রবার্ট দ্য ব্রুস স্কটল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে বসেন।

১৬৬৯ : ইতালির সিসিলিতে মাউন্ট এটনা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২০ হাজার মানুষের মৃত্যু হয়।

১৮০৭ : ওয়েলসে বিশ্বের প্রথম যাত্রী পরিবহনকারী রেলওয়ে চালু হয়।

১৮১১ : নাস্তিকতার পক্ষে বই লেখার অপরাধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন কবি পার্সি বিশি শেলি।

১৯৫৭ : রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় কমন মার্কেট প্রতিষ্ঠিত হয়।

১৯৯৫ : তিন বছর কারাভোগের পর মুক্তি পান বিশ্বখ্যাত বক্সার মাইক টাইসন।

জন্ম

১৮৮১ : বেলা বার্টোক, হাঙ্গেরীয় সুরকার ও পিয়ানোবাদক।

১৯৪২ : আরথা ফ্রাঙ্কলিন, প্রখ্যাত মার্কিন গায়িকা।

১৯৪৭ : এলটন জন, কিংবদন্তি ব্রিটিশ সংগীতশিল্পী।

মৃত্যু

১৯১৮ : ক্লোদ দেবুসি, ফরাসি সুরকার ও সংগীতজ্ঞ।

১৯৭৫ : কিং ফয়সাল, সৌদি আরবের তৎকালীন বাদশা।