কালো ভালুকের ছানাটি এখনো জানে না, তার মা এখানে নেই। সে জানে না— এখন সে বনের কোনো গুহায় নয়, রয়েছে মানুষঘেরা একটি পুনর্বাসন কেন্দ্রে। আর যাদের সে আপন মনে করছে, তারা আসলে মানুষ— যারা প্রতিদিন ভালুকের মতো সেজে আসে। ভালুকের চামড়ার কোট, হাতে দস্তানা, মুখে মুখোশ পরে তারা ভালুক ছানাটিকে যত্ন করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো হিউমেইন সোসাইটির কর্মীরা গত এক বছর ধরে এই অনাথ ভালুক ছানার পরিচর্যা করছেন। তাদের লক্ষ্য— ছানাটিকে প্রকৃতিতে ফেরত পাঠানো, যাতে সে নিজের মতো করে বেঁচে থাকতে পারে।

গত বছরের এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টে ছানাটিকে পাওয়া যায়। কয়েকজন ক্যাম্পিংয়ে এসে ছানাটিকে একা দেখতে পান। পরে তারা বন্যপ্রাণী বিভাগকে খবর দেন। রাজ্য বন্যপ্রাণী বিভাগ থেকে অনেক খোঁজ করেও ছোট্ট ভালুকটির মাকে খুঁজে পাওয়া যায়নি। তখন ছানাটির বয়স ছিল মাত্র দুই মাস।

সংস্থাটির বন্যপ্রাণী অপারেশন বিভাগের ব্যবস্থাপক অটাম ওয়েলচ জানান, এত ছোট ভালুক ছানা তারা এর আগে দেখেননি। সাধারণত এই বয়সে ছানারা মায়ের সঙ্গে গুহায় থাকে। সে কারণেই তারা এক বছর ধরে তাকে মাতৃস্নেহে আগলে রেখে বুনো পরিবেশের উপযোগী করে তোলার পরিকল্পনা করেন।

কর্মীরা মুখোশ পরে ছানাটির কাছে যান, যাতে সে মানুষকে চিনে না ফেলে। এক পরীক্ষায় দেখা গেছে, কেউ মুখোশ ছাড়া কাছে গেলে ছানাটি ভয় পেয়ে গাছে উঠে যায়। এর এমন প্রমাণ করে সে মানুষকে চেনে না। পোশাকগুলোর বাস্তবতা বাড়াতে সেগুলো ভালুকের গন্ধযুক্ত খড়ের সঙ্গে সংরক্ষণ করা হয়, যা ভালুক থাকা অভয়ারণ্য থেকে আনা হয়। ছানাটির ঘরে রাখা হয়েছে একটি বড় টেডি বিয়ার, যাকে সে মা ভেবে জড়িয়ে ধরে, ঘুমায়, লুকিয়ে থাকে।

Capture

ওয়েলচের মতে, স্টাফড বিয়ারগুলোই ছানাটির ভরসা ও আরামের সঙ্গী

তাকে শেখানো হচ্ছে গাছে ওঠা, পোকা-মাকড় খুঁজে খাওয়া ও প্রকৃতির নিয়ম মেনে বাসা বানানোর মতো বিভিন্ন উপায়। ওয়েলচ আবেগাপ্লুত হয়ে বলেন, প্রথমবার সে মাটি খুঁড়ে পোকা খাওয়ার পর আমরা সবাই আনন্দে কেঁদে ফেলেছিলাম। আমরা বুঝেছিলাম— সে শিখছে, সে ফিরছে তার নিজের জগতে।

এই পরিচর্যার খরচ প্রায় ৭২ হাজার ডলার। তবে ওয়েলচ বলছেন, এই কাজ শুধু অর্থে হয় না, ভালোবাসা ছাড়া এরকমটা সম্ভব নয়। ওর চোখে যখন একটা কৌতূহল দেখি, তখনই মনে হয়, আমাদের সমস্ত পরিশ্রম সার্থক। যেদিন ওকে বনে ছেড়ে দেব, সেটাই হবে আমাদের সবচেয়ে আনন্দের দিন।

—সিএনএন