অকল্যান্ডের একটি গুদামঘরে সম্প্রতি এক বিচিত্র উৎসব আয়োজিত হয়েছে— ‘সেম হাইট পার্টি’ বা সম-উচ্চতার উৎসব। আয়োজনের মূল লক্ষ্য আড্ডার প্রতিটি মানুষকে পরস্পরের সমান্তরাল বা ‘আই লেভেল’-এ নিয়ে আসা। মার্কিন শিল্পী লুসিয়ান নভোসেল আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের উচ্চতা যা-ই হোক না কেন, বিশেষ জুতার কল্যাণে প্রত্যেকে হয়েছিলেন ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা।

আইডিয়াটি জার্মান শিল্পী হ্যান্স হেমার্টের ‘লেভেল’ নামক একটি শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত। নভোসেল তার ১৫ জন বন্ধুর জন্য থ্রিডি প্রিন্টার ও বিশেষ ফোম ব্যবহার করে তৈরি করেন এমন সব জুতা, যা পরলে সবাই ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা হয়ে যায়। আয়োজক নভোসেলের সবচেয়ে লম্বা বন্ধু স্পেন্সারের উচ্চতাকে ‘অ্যাঙ্কর’ বা ভিত্তি ধরে অন্যদের জুতার উচ্চতা নির্ধারণ করা হয়। অর্থাৎ, ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার একজনকে দেয়া হয়েছে প্রায় ১ ফুটেরও বেশি উঁচু জুতা।

dsc02850

এ জুতা তৈরি করা ছিল গণিত ও প্রকৌশলের বিশাল চ্যালেঞ্জ। অতিথিদের পায়ের মাপ ও প্রকৃত উচ্চতা নিয়ে প্রায় চার সপ্তাহ ধরে চলে এ কর্মযজ্ঞ। ভারসাম্য বজায় রাখতে ওপরের দিকটি পায়ের মাপে হলেও নিচের দিকটি পিরামিডের মতো চওড়া করা হয়েছিল যাতে কেউ উল্টে না পড়েন। উঁচু প্ল্যাটফর্মে হাঁটা সহজ করতে প্রত্যেককে দেয়া হয়েছিল একটি করে ‘ওয়াকিং স্টিক’ বা লাঠি।

পার্টিতে অংশ নেয়া ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার মাটিল্ডা মিরান্ডা জানান, জীবনে কখনোই আমি এত লম্বা ছিলাম না। সাধারণত আমাকে সবার দিকে তাকিয়ে কথা বলতে হয়, কিন্তু এখানে আমি সবার চোখের দিকে তাকিয়ে কথা বলছিলাম। এটি এক অদ্ভুত অনুভূতি!

dsc03629

অন্যদিকে ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার স্পেন্সার তার স্বস্তির কথা জানান। লম্বা হওয়ার কারণে সাধারণত তিনি আড্ডায় নিজেকে কিছুটা গুটিয়ে রাখতেন বা নিচু হয়ে দাঁড়াতেন। কিন্তু এ পার্টিতে তাকে সেই বাড়তি সচেতনতায় থাকতে হয়নি। তিনি সবার ভিড়ে মিশে যেতে পেরেছেন।

পার্টিতে শুধু আড্ডা নয়, অতিথিরা বিলিয়ার্ড খেলা ও উচ্চতা নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জেও অংশ নেন। লম্বা হয়ে যাওয়ার পর নিচু থেকে কিছু তোলা যে কতটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন খাটো মানুষরা। নভোসেলের মতে, এটি কেবল একটি পার্টি ছিল না, বরং মানুষের আত্মবিশ্বাস ও আকর্ষণের ওপর উচ্চতার প্রভাব বোঝার একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা ছিল।

পার্টি শেষে জুতাগুলো ফেলে দেয়া হয়নি; বরং সেগুলো বার্কলের বিভিন্ন সংস্থায় দান করা হয়েছে যাতে অন্যরাও ‘আই লেভেল’ অভিজ্ঞতার স্বাদ নিতে পারেন।

সিএনএন অবলম্বনে