আজ ১৯ ফেব্রুয়ারি। ডনার-রিড পার্টি নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের একদল অভিযাত্রী ওয়াগন বা ঘোড়ার গাড়িতে করে ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন। যাত্রাপথে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালায় তুষারপাতে ডনার-রিড পার্টির সদস্যরা আটকে পরে। পরে ১৮৪৭ সালের আজকের দিনে আটকে পড়া এ অভিযাত্রীদের উদ্ধারে প্রথম উদ্ধারকারী একটি দল নেভাদা পর্বতমালায় পৌঁছায়। ৯০ জন অভিযাত্রীর সেই দলটি মূলত সংক্ষিপ্ত পথ নিতে গিয়ে রাস্তা হারিয়ে এমন ভয়াবহ বিপদে পড়েছিল।

এ সময় দীর্ঘ কয়েক মাস তুষারপাতে আটকা থাকায় তাদের সব খাবার শেষ হয়ে যায়। তখন খাবারের সন্ধানে ও প্রাণ বাঁচাতে তারা এতটাই মরিয়া হয়ে ওঠেন যে, দলের অনেকে তাদের মৃত সঙ্গীদের মাংস (স্বগোত্রভোজ বা ক্যানিবালিজম) খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। শেষ পর্যন্ত দলের মোট ৯০ জন সদস্যের মধ্যে মাত্র ৪৮ জন জীবিত উদ্ধার হয়েছিলেন। বাকি ৪২ জন অনাহার ও প্রচণ্ড ঠান্ডায় মারা যান। এদের মধ্যে অর্ধেকের বেশি ছিল শিশু। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সেই গিরিপথটি ‘ডনার পাস’ নামে পরিচিত। এটি আধুনিক সভ্যতার ইতিহাসে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে মানুষের টিকে থাকার লড়াই এবং চরম দুর্ভাগ্যের এক প্রতীক হিসেবে স্বীকৃত।

এছাড়াও আজকের দিনে বিভিন্ন সময়ে যুদ্ধ, সঙ্গীত, বিজ্ঞান ও রাজনীতির ইতিহাসে উল্লেখযোগ্য অনেক ঘটনা ঘটেছে। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১৭৩৬ : লন্ডনের কভেন্ট গার্ডেন থিয়েটারে জর্জ ফ্রিডরিখ হ্যান্ডেলের সংগীতানুষ্ঠান ‘আলেকজান্ডারের ফিস্ট’ প্রথম মঞ্চস্থ হয়।
১৮৪৭ : সিয়েরা নেভাদা পর্বতে আটকে পড়া ডনার-রিড দলের সদস্যদের উদ্ধারে প্রথম উদ্ধারকারী দল পৌঁছায়।
১৮৭৮ : টমাস এডিসন তার উদ্ভাবিত ফোনোগ্রাফের পেটেন্ট লাভ করেন।
১৯১০ : ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমবারের মতো ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯৪৫ : যুক্তরাষ্ট্রের নৌবহর জাপানের ইও জিমা দ্বীপে অভিযান শুরু করে।
১৯৮৫ : ব্রিটিশ টেলিভিশনে ধারাবাহিক নাটক ‘ইস্টএন্ডার্স’ সম্প্রচার শুরু হয়।

জন্ম
১৬৩০ : শিবাজি, ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও রাজা।
১৯২৪ : লি মারভিন, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র অভিনেতা।
১৯৫৩ : ক্রিস্টিনা ফের্নান্দেজ দে কির্চনার, আর্জেন্টিনার প্রেসিডেন্ট।
১৯৫৯ : রজার গুডেল, যুক্তরাষ্ট্রের ক্রীড়া প্রশাসক।
১৯৬০ : অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর, ব্রিটিশ রাজপরিবারের সদস্য।

মৃত্যু
১৯৯৪ : ডেরেক জারম্যান, চলচ্চিত্র পরিচালক।
১৯৯৭ : দেং শিয়াওপিং, চীনা নেতা।