বিজ্ঞানীরা নতুন এক ধরনের ছত্রাকের সন্ধান পেয়েছেন, যা মাকড়শাকে জম্বিতে পরিণত করতে পারে। এ ছত্রাকটি মাকড়শার দেহ নিয়ন্ত্রণ করে তাদের অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরপর মাকড়শার মৃতদেহ ব্যবহার করে নিজেদের বংশবৃদ্ধি করে।
নতুন আবিষ্কৃত এ ছত্রাকের নাম ‘জিবেলুলা অ্যাটেনবরোঘি’। বিজ্ঞানীরা মনে করছেন, ছত্রাকটি মাকড়শাকে এমন জায়গায় যেতে বাধ্য করে, যেখানে ছত্রাক সহজে ছড়িয়ে পড়তে পারে। মূলত ছত্রাকটি মাকড়সার আচরণকে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবর্তন করতে সক্ষম। তবে ছত্রাক কীভাবে মাকড়শার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, তা এখনো রহস্য।
বিজ্ঞানীরা আরো জানতে পেরেছেন যে এ ছত্রাকটি মূলত দুই প্রজাতির মাকড়শাকে আক্রমণ করে— মেটেলিনা মেরিয়ানি ও মেটা মেনার্ডি। এ দুটি প্রজাতিই গুহায় বাস করে।
এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য লাস্ট অফ আস’-এ ছত্রাক দ্বারা মানুষ জম্বিতে পরিণত হওয়ার গল্প দেখানো হয়েছিল। তবে বিজ্ঞানীরা বলছেন, জি. অ্যাটেনবরোঘি মানুষের জন্য কোনো হুমকি নয়।
ড. আরাউজো বলেন, মানুষকে সংক্রমিত করতে হলে ছত্রাকটিকে আমাদের শরীরের উষ্ণ তাপমাত্রা সহ্য করতে হবে এবং আমাদের ইমিউন সিস্টেমকে ফাঁকি দিতে হবে, যা বেশিরভাগ ছত্রাকের পক্ষে অসম্ভব।
বিজ্ঞানীরা মনে করছেন, এ ছত্রাক কীভাবে মাকড়শার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, তা জানতে পারলে অ্যালঝেইমার্সের মতো মস্তিষ্কের রোগ নিরাময়ে সাহায্য করতে পারে। এছাড়া গবেষণাটি ভবিষ্যতে চিকিৎসা ও কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারে।
—সিএনএন










