স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানের সুবিধাসম্পন্ন ছয়টি বিশেষায়িত শয্যা নিয়ে যাত্রা শুরু করল সালেহা আহমেদ লেবার স্যুট। এটি ল্যাবএইড হাসপাতালের গাইনি বিভাগের একটি অত্যাধুনিক প্রয়াস। সেন্টারটির নামকরণ করা হয়েছে ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান সালেহা আহমেদের নামে। প্রথিতযশা গাইনি চিকিৎসক মেজর (অব.) অধ্যাপক ডা. লায়লা আর্জুমান্দ বানুর তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সেন্টারটি গঠিত হয়েছে। এখানে একজন নারী গর্ভধারণের শুরু থেকে গর্ভকালীন যাত্রা ও সন্তান জন্মদান পর্যন্ত সব ধরনের স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন। স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানকে উদ্বুদ্ধ এবং সেবা প্রদান করাই এ সেন্টারের মূল লক্ষ্য।
‘সালেহা আহমেদ লেবার স্যুট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এএম শামীম। ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান সালেহা আহমেদ কেক ও ফিতা কেটে কার্যক্রম চালু করেন। এ সময় উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের পরিচালক ডা. সুচরিতা আহমেদ। আরো উপস্থিত ছিলেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ, হেড অব অপারেশন ইফতেখার আহমেদ, মেডিকেল ডিরেক্টর, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনকালে সালেহা আহমেদ লেবার স্যুটের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. লায়লা আর্জুমান্দ বানু সেন্টারের উদ্দেশ্য ও কার্যক্রম কেমন হবে, তা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের দেশে স্বাভাবিক জন্মদানে নারীদের মধ্যে ভীতি রয়েছে। ফলে সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্মদানে তারা অধিক আগ্রহী হয়ে পড়েছেন। আমাদের উদ্দেশ্য, গর্ভবতী নারীদের মধ্যে এমন ভীতি কমিয়ে আনা এবং স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানে তাদের উদ্বুদ্ধ করা। কারণ আবশ্যকীয় না হলে অপ্রয়োজনে সিজারিয়ান পদ্ধতি গ্রহণে মা ও শিশুর মৃত্যুঝুঁকি বেড়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানকালে মায়ের ব্যথার ভীতি কমিয়ে আনতে আমরা তাদের আগে থেকে প্রস্তুত করে তুলব। আমাদের সেন্টারে তাদের জন্য প্রশিক্ষণশালার ব্যবস্থাও রাখা হবে। যেন গর্ভধারণের শুরু থেকে স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদান এ পুরো সময়টায়ই একজন গর্ভবতী নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন সাধন করা যায়। যেকোনো সফল স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসকের পাশাপাশি সেবা প্রত্যাশীরও কিছু করণীয় রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, গর্ভবতী মায়েদের করণীয়, তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানে ব্যথা সইতে পারার মনোবল বাড়াতেও কার্যকর ভূমিকা রাখবে সালেহা আহমেদ লেবার স্যুট।










