রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) সাধারণত শিশুদের রোগ হিসেবে পরিচিত হলেও প্রাপ্তবয়স্কদের জন্য, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশ্বব্যাপী প্রতি বছর ৫০ বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি আরএসভির কারণে হাসপাতালে ভর্তি হন।

ঝুঁকি বিশ্লেষণ

গবেষণা অনুসারে, বিশ্বব্যাপী প্রতি বছর লাখ লাখ প্রাপ্তবয়স্ক এ রোগের কারণে হাসপাতালে চিকিৎসা নেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগের তীব্রতা বাড়তে থাকে। কিছু বিশেষ ঝুঁকির কারণ আরএসভিকে আরো মারাত্মক করে তুলতে পারে। এগুলো হলো—

  • ৭৫ বছর বা তার বেশি বয়স
  • দীর্ঘমেয়াদি হৃদরোগ বা ফুসফুসের রোগ
  • দুর্বল প্রতিরোধক্ষমতা
  • অন্যান্য জটিল স্বাস্থ্য সমস্যা
  • নার্সিং হোমে বসবাস

শ্বাসতন্ত্রের ভাইরাস থেকে সুরক্ষা পেতে বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপের দিকনির্দেশনা দেন চিকিৎসকরা।

সাধারণত প্রাপ্তবয়স্কদের আরএসভি হলে হালকা সর্দি-কাশির মতো উপসর্গ তৈরি করে। তবে বয়স্ক বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা নিউমোনিয়াসহ গুরুতর জটিলতায় আক্রান্ত হতে পারেন। গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে এবং রোগটি প্রাণঘাতীও হতে পারে। আরএসভি নিম্নোক্ত রোগগুলোকেও আরো গুরুতর করে তুলতে পারে—

  • অ্যাজমা
  • সিওপিডি
  • হৃদযন্ত্রের অকার্যকারিতা (হার্ট ফেইলিউর)